সম্মেলনের দুই মাস পর পীরগঞ্জে ছাত্রদলের কমিটি অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনের দুই মাস পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের দ্বিবার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে। লিখিতভাবে গত বুধবার ওই কমিটি ঘোষণা করেন রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি মো. রাশেদ আলম এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

নুরে আলম কনক সিদ্দিকীকে সভাপতি, সোহেল রানা ও প্রসেনজিৎ রায়কে সহসভাপতি, সেলিম রেজাকে সাধারণ সম্পাদক এবং মো. নোমানকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা ছাত্রদলের কমিটি, মো. সুজনকে সভাপতি, রাজিউর রহমানকে সহসভাপতি, তারেক হাসানকে সাধারণ সম্পাদক ও বাপ্পি জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে পৌর ছাত্রদলের কমিটি এবং মো. শরিফকে সভাপতি, মুর্শেদ মুরাদ ও মো. কর্ণেলকে সহসভাপতি, মো. রুবেলকে সাধারণ সম্পাদক ও মো. লিয়নকে সাংগঠনিক সম্পাদক করে পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার সম্মেলন স্থানীয় পৌরসভা অডিটরিয়ামে গত ৩০ অক্টোবর হয়। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সাল আমীনসহ ছাত্রদলের রংপুর বিভাগীয় ও জেলা পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। ওই দিন নতুন কমিটি ঘোষণা না করে সম্মেলন সমাপ্তি ঘোষণা করে চলে যান জেলা নেতারা।

তবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুর রশিদ গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা নতুন এ কমিটিকে প্রত্যাখ্যান করেছি।’

জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যাদের ছাত্রত্বের মেয়াদ শেষ হয়েছে তারা ছাত্রদলে থাকতে পারবে না মর্মে বিএনপির মহাসচিবের স্পষ্ট নির্দেশনা আছে। আমরা সে নির্দেশনা মোতাবেক প্রকৃত ছাত্রদের গুরুত্ব দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছি।’