সম্মেলনের দেড় মাস পর পাল্টা কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি জেলা বিএনপির সম্মেলনের দেড় মাস পর পাল্টা কমিটি করে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছে একটি পক্ষ। গত বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হকের অনুসারীরা ১৫১ সদস্যবিশিষ্ট এই পাল্টা কমিটি করেন।
এ কমিটিতে ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল হালিম গাজীকে সভাপতি এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুব আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এর আগে জেলা বিএনপির সম্মেলনে ঘোষিত কমিটির সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম স্বাক্ষরিত ১৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটি অনুমোদনের জন্য দলের মহাসচিবের কাছে জমা দেওয়া হয়। ওই সম্মেলনে ঘোষিত কমিটির সদস্যরা দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের অনুসারী।
দলীয় সূত্রে ও খোঁজ নিয়ে জানা যায়, ঝালকাঠি জেলা বিএনপিতে দীর্ঘদিন ধরে বিভক্তি রয়েছে। এক পক্ষের নেতৃত্বে আছেন শাহজাহান ওমর। আর অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন মাহাবুবুল হক। গত ১ ডিসেম্বর শাহজাহান ওমরের অনুসারী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ঝালকাঠি শহরের অতিথি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সম্মেলনের আয়োজন করলে একই সময় মাহাবুবুল হকের অনুসারীরা পাল্টা সমাবেশ আহ্বান করেন। এর ফলে প্রশাসন সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারি করলে রাজাপুর উপজেলায় শাহজাহান ওমরের বাড়ির প্রাঙ্গণে জেলা বিএনপির সম্মেলন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান সম্মেলন শেষে মোস্তফা কামালকে সভাপতি, মিয়া আহমেদ কিবরিয়াকে সহসভাপতি, মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক, শাহাদাৎ হোসেনকে যুগ্ম সম্পাদক ও মেহেদি হাসান খানকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন। সম্প্রতি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দলের ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের স্বাক্ষরসহ ১৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটি দলের মহাসচিবের কাছে জমা দেন।
ওই কমিটিতে মাহাবুবুল হকের অনুসারী অনেকে পদবঞ্চিত হন। পদবঞ্চিত নেতারা ঢাকায় একাধিক বৈঠক করেন। এরপর তাঁরা পাল্টা কমিটি করে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেন। গতকাল শুক্রবার ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত জমা দেওয়া কমিটির একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন নেতা-কর্মীরা।
জানতে চাইলে মাহাবুবুল হক-সমর্থিত কমিটির সাধারণ সম্পাদক মাহাবুব আলম বলেন, ‘দলের যেসব ত্যাগী নেতা পদবঞ্চিত হয়েছেন, তাঁদের নিয়ে আমরা কমিটি করেছি। আমাদের কমিটিতে রয়েছেন ঝালকাঠি-২ আসনের সাবেক সাংসদ ইসরাত সুলতানা (ইলেন ভুট্টো)। তাঁকে সহসভাপতি করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেবা আহমেদকে আমাদের কমিটিতে সদস্য রাখা হয়েছে। তাঁরা শাহজাহান ওমরের সমর্থিত কমিটিতে পদবঞ্চিত ছিলেন।’
সম্মেলনে ঘোষিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘সম্মেলনে কেন্দ্রীয় নেতারা জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেছেন। আমরা পূর্ণাঙ্গ কমিটি করে দলের মহাসচিবের কাছে জমা দিয়েছি। দু-তিন দিনের মধ্যে আমাদের কমিটি অনুমোদন পাবে। এখন কেউ যদি পাল্টা কমিটি করে, তাতে আমাদের কমিটি অনুমোদনে কোনো বাধা হবে না।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে পদবঞ্চিত নেতারা জেলা বিএনপির কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে হামলা চালিয়ে চেয়ার ছোড়াছুড়ি করেন। এতে কৃষক দলের জেলা সভাপতি রুস্তম আলী চাষি আহত হন।
গতকাল শুক্রবার প্রথম আলোয় ‘জেলা কমিটির পদবঞ্চিত ব্যক্তিরা ক্ষুব্ধ, জিয়ার জন্মদিনের অনুষ্ঠানে হামলা, কৃষক দলের সভাপতি আহত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।