সম্মেলনের দেড় মাসেও নতুন কমিটি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয়। প্রায় দেড় মাস হয়ে গেলেও এখনো দুটি কমিটি ঘোষণা করা হয়নি। নেতারা বলছেন, কমিটি না থাকায় দলের কার্যক্রম কিছুটা স্থবির।
আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতারা বলেন, ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে গত ৩০ এপ্রিল জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এতে জনপ্রশাসনমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সভাপতিত্ব করেন। সৈয়দ আশরাফ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এ সময় তাঁর দুটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করার কথা ছিল। এর আগে ময়মনসিংহ মহানগর না হওয়ায় এবারই প্রথম মহনগর কমিটি ঘোষণা করার কথা ছিল। কিন্তু তিনি অল্প সময়ের মধ্যে কেন্দ্র থেকে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করার আশ্বাস দেন। প্রায় দেড় মাস হয়ে গেলেও কেন্দ্র থেকে কমিটি দুটি ঘোষণা করা হয়নি।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ১৮ বছর পর ৩০ এপ্রিলের সম্মেলন হয়। দীর্ঘদিন ধরে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন বর্তমান ধর্মমন্ত্রী মতিউর রহমান। দুই বছর আগে ১২টি শূন্য পদে পদায়ন নিয়ে জেলা আওয়ামী লীগে বিভক্তি দেখা দেয়। বিভক্তির জের ধরে জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক ও সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকারের নেতৃত্বে দলে পৃথক বলয় তৈরি হয়। তবে কেন্দ্রীয় নির্দেশে ৩০ এপ্রিলের সম্মেলন সফল করতে তাঁরা একসঙ্গে কাজ করেন। প্রায় দেড় মাস ধরে কমিটি না থাকায় দুই পক্ষের মধ্যেই স্থবিরতা এসেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, দলে বিরোধের কারণে সম্মেলনের দিন কমিটি ঘোষণা হয়নি। সম্মেলনকে ঘিরে দুই পক্ষ এক হয়ে কাজ করলেও কমিটির পদ নিয়ে ভেতরে ভেতরে বিরোধ ছিল। সম্মেলনস্থলে দুই পক্ষের পদপ্রত্যাশীদের সমর্থকদের মধ্যে উত্তেজনা থাকায় ওই দিন কমিটি ঘোষণা করা হয়নি।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার বলেন, দুই পক্ষের উত্তেজনার জন্য সম্মেলনে কমিটি ঘোষণা করা হয়নি, এটা ঠিক নয়। কমিটি ঘোষণার পরিবেশ ছিল। হয়তো যৌক্তিক কারণে কেন্দ্রীয় নেতারা ওই দিন কমিটি ঘোষণা করেননি। আর কমিটি না থাকলে কার্যক্রমে কিছুটা স্থবিরতা থাকবেই, এটাই স্বাভাবিক।
এ বিষয়ে ধর্মমন্ত্রী মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি মজিবুর রহমান খান বলেন, কমিটি না থাকায় কিছুটা স্থবিরতা তো বিরাজ করছেই। তবে কমিটি হয়ে গেলে স্থবিরতা কেটে যাবে।