সম্মেলনের নয় মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনের নয় মাস পর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সাত উপজেলা আওয়ামী লীগের নবীন ও প্রবীণ নেতা-কর্মীরা স্থান পেয়েছেন। ১৯ অক্টোবর কেন্দ্রীয় কমিটি এ কমিটির অনুমোদন দেয়।
দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। নবগঠিত এ কমিটিতে পদ পেয়ে সবাই খুশি। কমিটিতে স্থান পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডি-কেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত। এ ছাড়া কমিটির আটটি পদ বাবা ও ছেলেরা পেয়েছেন।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন-বিষয়ক সম্পাদক সৈয়দ তানভীর আহাম্মদ বলেন, ১৯ অক্টোবর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে আবদুল আউয়াল সরকারকে সভাপতি ও জাহাঙ্গীর আলম সরকারকে সাধারণ সম্পাদক ঘোষণা দেওয়া হয়। পরে কমিটিতে ৬৯ জনকে অন্তর্ভুক্ত করা হয়।
কমিটি পর্যালোচনা করে দেখা গেছে, নির্বাহী সদস্য কুমিল্লা-৭ আসনের সাংসদ মো. আলী আশরাফের ছেলে মুনতাকিম আশরাফ যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লা-১ আসনের সাংসদ সুবিদ আলী ভূঁইয়া ও তাঁর ছেলে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাবেক উপমন্ত্রী এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, তাঁর ছেলে কুমিল্লা-৪ আসনের স্বতন্ত্র সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের ছেলে আহসানুল আলম সরকার নির্বাহী সদস্য হয়েছেন। এ ছাড়া কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য হাসান জামিল সাত্তারের ছেলে নাঈম হাসান উপপ্রচার সম্পাদক ও তাঁর চাচাতো ভাই দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সদস্য পদ পেয়েছেন।
এবার কমিটির নতুন চমক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত পেয়েছেন সহসভাপতির পদ। সাবেক মন্ত্রী এ বি এম গোলাম মোস্তফাও একই পদ পেয়েছেন। সাবেক কৃতী ফুটবলার বাদল রায় ও শিল্পপতি রোশন আলী মাস্টার যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। স্বতন্ত্র সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন নির্বাহী সদস্য হয়েছেন।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেন, নবীন-প্রবীণ, তরুণ ও ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে সমন্বয় করে কমিটি গঠন করা হয়েছে। পারিবারিক পরিচয়ে নয়, প্রত্যেকে নিজ নিজ যোগ্যতায় কমিটিতে স্থান পেয়েছেন।