সম্মেলনের পক্ষে-বিপক্ষে তৎপর জাপার দুই পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এইচ এম এরশাদ ও তাঁর স্ত্রী রওশন আবার মুখোমুখি অবস্থান নিয়েছেন। আগামী ১৪ মে দলের অষ্টম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে জাপার নেতাদের দুই পক্ষই হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে।

দলীয় সূত্রগুলো জানায়, এরশাদপন্থী নেতারা সম্মেলন সফল করতে সক্রিয় রয়েছেন। তাঁরা সম্মেলনের মধ্য দিয়ে কো-চেয়ারম্যান ও মহাসচিব নিয়ে সাড়ে তিন মাস আগে সৃষ্ট বিরোধ চাপা দিতে চাইছেন। এর মধ্য দিয়ে দলে একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠারও প্রয়াস আছে।

তবে রওশনপন্থী একজন নেতা বলেন, তাঁরা সম্মেলনের আগ পর্যন্ত রওশনকে কো-চেয়ারম্যান করাসহ মহাসচিব পদে পরিবর্তন আনতে এরশাদের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন। এ লক্ষ্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ গত রোববার জাপার সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলন করে এরশাদকে গণতান্ত্রিক হওয়ার আহ্বান জানান এবং সম্মেলনের তারিখ পরিবর্তন করতে বলেন।

এর জবাবে গত সোমবার এক বিবৃতিতে এরশাদ সম্মেলন পেছানোর দাবি নাকচ করে দেন। তিনি বলেন, সম্মেলনের তারিখ ঘোষণা একক কোনো সিদ্ধান্ত ছিল না। নির্বাচন কমিশন থেকে দুবার সময় নেওয়ার পর, সবার মতামতের ভিত্তিতে দুবার তারিখ পরিবর্তনের পর সভাপতিমণ্ডলীর সিদ্ধান্ত নিয়ে জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্মেলনের তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নেই। কারণ নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা আছে।

রওশনপন্থী নেতা এবং জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘কো-চেয়ারম্যান ও মহাসচিব যদি পরিবর্তন না হয়, তাহলে সম্মেলনের দরকার নেই। চেয়ারম্যানের পদ নিয়ে বিরোধ নেই। তবে তাঁর (এরশাদ) কিছু সিদ্ধান্ত গঠনতন্ত্র মোতাবেক হয়নি, সেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে।’ তিনি বলেন, ‘পরিণতি দেখেই আমরা পদক্ষেপ নেব।’

দলের দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, ছোট ভাই জি এম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান ও রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করে সাড়ে তিন মাস আগে এরশাদ যে নিয়োগ দিয়েছিলেন, তা থেকে তিনি সরছেন না। এ ক্ষেত্রে স্ত্রী রওশনকেও আর ছাড় না দেওয়ার মনস্থির করেছেন তিনি। দলে ভাঙনের মতো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তা ধরে নিয়েই এরশাদ এগোচ্ছেন।

সর্বশেষ ১২ এপ্রিল দলীয় এক সভায় স্ত্রীর উদ্দেশে এরশাদ বলেন, ‘রওশন এরশাদ চাইলে আমার মৃত্যুর পর পার্টির চেয়ারম্যান হতে পারেন।’ ওই সূত্র জানায়, এ বক্তব্যের পর রওশনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করেছিলেন এরশাদ। কিন্তু পাননি। উল্টো এ বক্তব্যের ১২ দিনের মাথায় রওশন সংবাদ সম্মেলন করেন। এতে এরশাদ বিরক্ত হন বলে জানান তাঁর ঘনিষ্ঠ একজন নেতা। পরদিন সকালে গণমাধ্যমে কড়া বিবৃতি পাঠিয়ে বিকেলে রংপুরে এক মতবিনিময় সভায়ও রওশনকে সংযত হয়ে কথা বলার পরামর্শ দেন এরশাদ। যদিও গতকাল মঙ্গলবার পর্যন্ত রওশন এরশাদ এর কোনো প্রতিক্রিয়া দেখাননি।

জাপার রওশনপন্থী নেতারা এরশাদ ও রওশনের এই মুখোমুখি অবস্থানকেই একটা সাফল্য হিসেবে দেখছেন। তাঁরা মনে করছেন, সবে শুরু হলো। সামনে পানি অনেক দূর গড়াবে। রওশনপন্থী নেতা এবং জাপার সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, বিরোধীদলীয় নেতা ও সংখ্যাগরিষ্ঠ সাংসদদেরএড়িয়ে এরশাদ বেশি দূর যেতে পারবেন না। শেষ পর্যন্ত তাঁদের কাছেই যেতে হবে তাঁকে।

যদিও এরশাদ সোমবারের বিবৃতিতে রওশনের উদ্দেশে বলেছিলেন, জাতীয় পার্টির সংসদীয় দলের নেতাকে মনে রাখতে হবে যে সংসদীয় দল পার্টির একটি শাখা মাত্র। নীতিনির্ধারণী কোনো সিদ্ধান্ত গ্রহণ কিংবা কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা বা পর্যালোচনার ফোরাম হচ্ছে পার্টির প্রেসিডিয়াম। সুতরাং রওশন এরশাদ সংসদীয় দলের নেতা হিসেবে সংবাদ সম্মেলন করে যে বক্তব্য দিয়েছেন, এটা তাঁর এখতিয়ারবহির্ভূত।

জাপার মুখপাত্র ও কো-চেয়ারম্যান জি এম কাদের গতকাল প্রথম আলোকে বলেন, ‘জাতীয় পার্টিতে দু-একজন নেতা আছেন, যাঁরা রাজনীতি করে আজকের এই জায়গায় আসেননি। জনগণের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। তাঁরা এরশাদকে সামনে রেখে কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগের সঙ্গে ডিল (সমঝোতা) করেছেন। ভবিষ্যতেও তাঁদের এই ডিলের জন্য দলে পজিশন দরকার। আমি থাকলে তা সম্ভব নয় বলেই এত বিরোধিতা।’