দীর্ঘ ১৯ বছর পর গত বছর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বগুড়া জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এরপর ৯ মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেননি নেতারা। এতে পদপ্রত্যাশী ব্যক্তিরা হতাশ হয়ে পড়েছেন।
জানতে চাইলে বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, অন্য কোনো জটিলতায় নয়, কেন্দ্রীয় যুবলীগের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ শারীরিকভাবে অসুস্থ। এখন তিনি ভারতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হয়ে দেশে ফিরলে দু-এক মাসের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ১৯৯৭ সালের ১২ মে ত্রিবার্ষিক সম্মেলনে বগুড়া জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল। এতে মঞ্জুরুল আলমকে সভাপতি এবং সাগর কুমার রায়কে সাধারণ সম্পাদক করা হয়। প্রায় ১৯ বছরের সেই বুড়ো নেতৃত্বের পরিবর্তন আনতে গত বছরের ১৬ অক্টোবর বগুড়া জিলা স্কুলে নতুন সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে কাউন্সিলরদের সম্মতির ভিত্তিতে বগুড়া সরকারি শাহসুলতান কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শুভাশীষ পোদ্দারকে সভাপতি এবং সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর কেন্দ্রীয় নেতারা দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনা দেন। কিন্তু তিন বছর মেয়াদি ওই কমিটির বয়স ইতিমধ্যে ৯ মাস পেরিয়ে গেছে। অথচ আজ পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠনের কোনো নাম নেই।
জেলা যুবলীগের সাবেক তিনজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আগের কমিটি টানা প্রায় ১৯ বছর ধরে নেতৃত্বে থাকায় জেলা যুবলীগের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে জটিলতা শুরু হয়েছে। বিলুপ্ত কমিটির বেশির ভাগ নেতার বয়স ৫০ পেরোনোয় তাঁদের যুবলীগের নেতৃত্বে রাখা বেমানান। অথচ সাবেক সভাপতি মঞ্জুরুল আলম ও সাধারণ সম্পাদক সাগর কুমার রায় ছাড়া অন্য নেতাদের এখনো আওয়ামী লীগে জায়গা হয়নি। এসব নেতার কেউ কেউ যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির জ্যেষ্ঠ পদ চাইছেন। ওদিকে ছাত্রলীগের সাবেক অনেক নেতারও যুবলীগ করার বয়স পেরোচ্ছে। এসব নেতাও যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশী। এসব নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় পূর্ণাঙ্গ কমিটি দিতে পারছেন না নেতারা।
নন্দীগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল আশরাফ বলেন, ‘আমি জেলা যুবলীগের বিলুপ্ত কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি ছিলাম। এখন এই পদ চাইছেন ওই কমিটির অপর সাবেক সহসভাপতি আলহাজ শেখ। ব্যক্তিগতভাবে এ নিয়ে আমি কারও সঙ্গে বিরোধে জড়াতে চাই না। তা ছাড়া আমার বয়সও এখন ৪৯ চলছে। এ বয়সে আওয়ামী লীগ করার কথা। এ কারণে যুবলীগের কমিটিতে আর থাকতে চাই না।’
জেলা যুবলীগের পদপ্রত্যাশী ছয়-সাতজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতি করেছেন। স্বাভাবিকভাবেই এখন যুবলীগে পদ পেতে চান। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি নিয়ে টালবাহানা চলায় তাঁরা হতাশ হয়ে পড়েছেন। এই নেতাদের মত, পূর্ণাঙ্গ কমিটি হলে জেলা যুবলীগে নেতৃত্ব আরও শক্তিশালী হবে, স্থবিরতা কাটিয়ে সংগঠন আরও চাঙা হবে।
পদপ্রত্যাশী সাবেক এক ছাত্রনেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘১০ বছর আগে আমার ছাত্রত্ব শেষ হয়েছে। ছাত্রলীগের কমিটি থেকে বাদ পড়েছি অনেক আগেই। বয়স এখন ৪০-এর কাছাকাছি। সে হিসাবে যুবলীগ করার বয়সও পেরিয়ে যাচ্ছে। অথচ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হওয়ায় যুবলীগেও পদ পাচ্ছি না। আবার ছাত্রলীগেও নেই। তাহলে আমার মতো নেতারা কোথায় যাবেন?’