সম্মেলনের প্রায় দেড় বছর পর শেরপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জাতীয় সংসদে হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমানের সভাপতিত্বে নবগঠিত কমিটির প্রথম সভায় কমিটির নাম ঘোষণা করা হয়।
শহরের চকবাজার এলাকায় দলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। গতকালের সভায় ৭১ সদস্যের মধ্যে ৬১ জন উপস্থিত ছিলেন। ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির ৩০ জনই নবীন। কমিটি থেকে বেশ কয়েকজন প্রবীণ নেতা বাদ পড়েছেন। আবার পুরোনো কমিটির কোনো কোনো নেতার স্থান হয়েছে উপদেষ্টা পরিষদে। দলের সভানেত্রী শেখ হাসিনা গত ১১ অক্টোবর এ কমিটির অনুমোদন দেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৯ মে শেরপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে আতিউর রহমান ও চন্দন কুমার পাল যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন। এরপর পৌর ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থিতা মনোনয়নে কৌশল অবলম্বন এবং দলের একটি অংশের সঙ্গে সভাপতির দ্বন্দ্বের কারণে জেলা কমিটি গঠনে দীর্ঘসূত্রতা সৃষ্টি হয়।
নবগঠিত কমিটির নয় সহসভাপতি হলেন মজদুল হক, খন্দকার নজরুল ইসলাম, মো. আবদুল খালেক, মো. জমসেদ আলী, ফখরুল মজিদ, মিনহাজ উদ্দিন, গোলাম রব্বানী, এ কে এম মোছাদ্দেক ফেরদৌসী ও শামছুন্নাহার কামাল। তিন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, নাজিমুল হক ও সুব্রত কুমার দে। কমিটিতে এই তিনজনেরই পদোন্নতি হয়েছে। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানুয়ার হোসেন এবার নির্বাহী সদস্য হয়েছেন।
তিন সাংগঠনিক সম্পাদক হলেন হুমায়ুন কবীর, বশিরুল ইসলাম ও আনোয়ারুল হাসান। সম্পাদকমণ্ডলীর অন্য পদগুলোয় আছেন শাহ মো. মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, চন্দন সাহা, আবদুল্লাহ আল মামুন, দুলাল উদ্দিন, দেবাশীষ ভট্টাচার্য, এ কে এম রফিকুল ইসলাম, এ টি এম মামুন, কোহিনুর বেগম, মো. মাসুদ, আবদুল হামিদ, শামীম হোসেন, লুৎফর রহমান, আরিফ রেজা, আনিসুর রহমান, এম এ বারেক, বিনয় কুমার সাহা, বেলায়েত হোসেন ও আসাদুজ্জামান রৌশন।
কমিটিতে ৩৪ জন নির্বাহী সদস্যের মধ্যে আছেন কৃষিমন্ত্রী ও শেরপুর-২ আসনের সাংসদ বেগম মতিয়া চৌধুরী, শেরপুর-৩ আসনের সাংসদ এ কে এম ফজলুল হক, সাবেক সাংসদ খন্দকার মো. খুররম; মো. খোরশেদুজ্জামান, বদিউজ্জামান বাদশা, এম এ হাসেম, ছানুয়ার হোসেন, আমির আলী সরকার, রফিকুল ইসলাম, আশরাফ হোসেন, মোতাহারুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম, আবুল কাশেম, প্রকাশ দত্ত, এস এম এ ওয়ারেজ নাইম, এস এম আমিরুজ্জামান, জিয়াউল হক, ফজলুল হক, আবদুল হালিম উকিল, শহীদুল ইসলাম, মিজানুর রহমান, হায়দার আলী, গোলাম হাসান খান, শাহ মো. বোরহান উদ্দিন, কানু চন্দ্র চন্দ, শফিকুল ইসলাম, সরকার গোলাম ফারুক, মোফাজ্জল হোসেন, উমর আলী, মোস্তাফিজুর রহমান, আবদুল মতিন, নুরুল ইসলাম, এ ডি এম শহীদুল ইসলাম।
গত কমিটি থেকে বাদ পড়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক সহসভাপতি ফকির আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আবদুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক তাপস সাহা, আইনবিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, মহিলাবিষয়ক সম্পাদক ফৌজিয়া হক, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান ও সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবদুল্লাহ আবু সালেহর নাম উল্লেখযোগ্য।
ফকির আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, দলের দুঃসময়ের কান্ডারি এবং অনেক ত্যাগী নেতাকে বাদ দিয়ে সভাপতি তাঁর পছন্দের লোক দিয়ে মনগড়াভাবে নতুন কমিটি গঠন করেছেন।
জানতে চাইলে আতিউর রহমান বলেন, ফকির আখতারুজ্জামান ২০১১ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌরসভার নির্বাচন করেছিলেন। তখন তিনি দল থেকে ‘ইস্তফা’ দিয়ে চলে গেছেন। এখন আর তিনি দলে নেই। তিনি আরও বলেন, দলের সভানেত্রী শেখ হাসিনা জেলা আওয়ামী লীগের নতুন কমিটির অনুমোদন দিয়েছেন। এর ফলে দলে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
গত ১৪ আগস্ট প্রথম আলোয় ‘শেরপুর আওয়ামী লীগ: সম্মেলনের ১৪ মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।