সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবিতে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খান পরিবারের পকেটের লোকদের দিয়ে গঠিত’ জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিতে আন্দোলন শুরু করেছেন টাঙ্গাইল ছাত্রলীগের ‘খান পরিবারবিরোধী’ নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার টাঙ্গাইল শহর ও প্রত্যেকটি উপজেলা সদরে এ দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন তাঁরা।
এর আগে সকালে জেলা ছাত্রলীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খান পরিবারবিরোধী ছাত্রলীগ নেতারা বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগের সরকার গঠনের পর থেকেই জেলা ছাত্রলীগ টাঙ্গাইলের বহুল আলোচিত খান পরিবারের তত্বাবধানে চলছিল। খান পরিবারের সন্তান সাংসদ আমানুর রহমান খানের ছোট ভাই ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান বাপ্পা ছিলেন জেলা ছাত্রলীগের নিয়ন্ত্রক। ২০১৪ সালের আগস্টে আ.লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় আমানুর ও তাঁর ভাইদের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। এরপরই দেশত্যাগ করেন সানিয়াত। ফারুকের খুনিদের বিচারের দাবিতে খান পরিবারবিরোধী অংশের ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলন শুরু করেন। এ পর্যায়ে ছাত্রলীগে খান পরিবারের অনুসারীরা অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েন। গত বছরের জুন মাসে জেলা ছাত্রলীগের সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু হঠাৎ করে গত বছর ২৪ জুন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে সানিয়াত খানের ঘনিষ্ট হিসেবে পরিচিত ইসতিয়াক আহমেদকে (রাজিব) সভাপতি এবং শামিম আল মামুনকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত করার কথা জানানো হয়।
এই ঘোষণার পর খান পরিবারবিরোধীরা সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবিতে আন্দোলনে নামেন। পদবঞ্চিত হয়ে খান পরিবারের অনুসারী অনেকেই এ আন্দোলনে যোগ দেন। তখন খান পরিবারবিরোধীরা ইসতিয়াক ও শামীমকে টাঙ্গাইলে অবাঞ্ছিত ঘোষণা করেন। তারপর থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক এলাকাছাড়া।
জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান খান, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামসহ জেলার বেশ কয়েকজন সাংসদ ঘোষিত কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে জেলা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের অনুরোধ করেন। কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগ এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়ায় ‘আন্দোলনরত জেলা ছাত্রলীগ’ ব্যানারে ছাত্রলীগের কর্মকাণ্ড চলতে থাকে। তারা সংগঠনের জেলা কার্যালয় নিজেদের দখলে নেয়। আর অবাঞ্ছিত ঘোষিত হওয়ায় টাঙ্গাইল ত্যাগ করেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে এই অংশের নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মনির সিকদার বলেন, যাঁদের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে, তাঁরা একটি খুনি পরিবারের স্বার্থে কাজ করছেন। তাঁদের নেতৃত্বে ছাত্রলীগ হতে পারে না। এই অংশের অপর নেতা মিলন মাহমুদ বলেন, আন্দোলনরত নেতা-কর্মীদের নেতৃত্বেই পুরো জেলায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালিত হচ্ছে। মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদক এক বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন বা কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেননি।
সংবাদ সম্মেলন শেষে কমিটি বাতিলের দাবিতে টাঙ্গাইল শহরে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করে। টাঙ্গাইলের ১২টি উপজেলা সদরেও একই দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে তৃণমূলের নেতা-কর্মীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হচ্ছে। পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলেই অসন্তোষ দূর হয়ে যাবে। সাধারণ সম্পাদক শামিম আল মামুন বলেন, আমাদের নেতৃত্বেই জেলায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালিত হচ্ছে।’
সম্মেলন ছাড়া ছাত্রলীগের কমিটি গঠন প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জানান, টাঙ্গাইলের ইতিহাসে সম্মেলন ছাড়া ছাত্রলীগের কমিটি গঠনের নজির নেই। তাই অবৈধ কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগকে অনুরোধ জানানো হয়েছে।