এক যুগ পর গত বছরের ডিসেম্বরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এর ১০ মাস পর গত শুক্রবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
৬৭ সদস্যের নতুন কমিটিতে মো. নুরুজ্জামান মিয়াকে সভাপতি এবং মো. নুরুল ইসলাম মণ্ডলকে সাধারণ সম্পাদক করা হয়। গত ১৬ অক্টোবর জেলা আওয়ামী লীগের সভার সিদ্ধান্ত অনুযায়ী পরদিন কমিটির তালিকায় সই করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম ও সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী। শুক্রবার নুরুল ইসলাম মণ্ডল ওই তালিকা প্রকাশ করেন।
গত ২৮ ডিসেম্বর স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন। পরে পৌরসভা মিলনায়তনে ১২০ জন কাউন্সিলরের গোপন ভোটে নুরুজ্জামান মিয়া সভাপতি ও নুরুল ইসলাম মণ্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নুরুল ইসলাম মণ্ডল বলেন, কমিটিতে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করা এবং কয়েকবার চেষ্টা করে সময়মতো বসতে না পারায় দেরি হয়েছে।