সম্মেলনের ১৩ মাস পরও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগ। স্থানীয় নেতাদের অভিযোগ, সভাপতি কমিটিতে নতুন নেতৃত্ব ঠেকাতে সাংসদ আমানুর রহমান খান ও তাঁর ভাইদের অবর্তমানে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে চাচ্ছেন না।
দলীয় সূত্র জানায়, গত সম্মেলনের আগের কমিটিতে শহর আওয়ামী লীগের সভাপতি ছিলেন সিরাজুল হক ওরফে আলমগীর এবং সাধারণ সম্পাদক ছিলেন টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খানের ভাই ও টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান ওরফে মুক্তি। শহরের ১৮টি ওয়ার্ডের অধিকাংশ কমিটিতেই সহিদুরের তথা খান পরিবারের অনুসারীরা নেতৃত্বে ছিলেন। এর মধ্যে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় অভিযুক্ত হয়ে আমানুর ও তৎকালীন সাধারণ সম্পাদক সহিদুর আত্মগোপনে চলে যান। গত ১৮ সেপ্টেম্বর আমানুর রহমান আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান।
সহিদুর ও আমানুর রহমানের অনুপস্থিতিতে ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর স্থানীয় ভাসানী হলে শহর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এ সম্মেলনেও আমানুরের পক্ষের সিরাজুল হক পুনরায় সভাপতির পদ লাভ করেন। সাধারণ সম্পাদক পদ পান জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ রৌফ। এ ছাড়া আবু সাঈদ খানকে সহসভাপতি হিসেবে ঘোষণা করা হয়। তাঁরা তিনজনই ভোটাভুটি ছাড়া পদ পান। এরপর সভাপতি ও সাধারণ সম্পাদককে তিন বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য জমা দিতে বলা হয়। কিন্তু ১৩ মাস পেরিয়ে গেলেও তাঁরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি।
টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক বলেন, বর্তমানে ত্যাগী ও পুরোনো নেতাদের মূল্যায়ন করে কমিটি গঠনের মতো পরিবেশ নেই। তাই তাঁরা কমিটি গঠনে ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছেন।
আওয়ামী লীগের স্থানীয় একাধিক নেতা বলছেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান সম্মেলনের কিছুদিন আগে তাঁর অনুসারীদের নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে আওয়ামী লীগে যোগ দেন। তারপর গত ডিসেম্বরে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেয়র নির্বাচিত হন এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদে দায়িত্ব পান। টাঙ্গাইল শহর আওয়ামী লীগের কমিটিতে জামিলুর রহমানের অনুসারীদের ঠেকাতে শহর কমিটি গঠন করা হচ্ছে না।
তাঁরা বলেন, এখন কমিটি গঠন করলে নতুন যোগদানকারীরা প্রভাব বিস্তার করে কমিটির গুরুত্বপূর্ণ পদ নিয়ে নেবেন। তাই সভাপতি অপেক্ষা করছেন আমানুর ও সহিদুর রহমানের ফিরে আসার জন্য। তাঁরা আসার পর কমিটি গঠন করলে তাঁদের লোকদের কমিটিতে স্থান দেওয়া সহজ হবে।
বিভিন্ন ওয়ার্ডের অন্তত ১০ জন নেতা বলেন, এত দিন পরও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় শহর আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা ছাড়া পদ পেতে আগ্রহী নেতাদের মধ্যে হতাশা বাড়ছে। দলের জেলা নেতাদের এ বিষয়ে হস্তক্ষেপ করা প্রয়োজন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, শহর আওয়ামী লীগের কমিটি দ্রুত গঠন করার জন্য বারবার বলা হয়েছে। কিন্তু তাঁরা এখনো তা করতে পারেননি। দলের কেন্দ্রীয় সম্মেলনের পর বিষয়টি দেখা হবে।