সম্মেলনের ১৪ মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনের ১৪ মাস পরও শেরপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। হতাশ হয়ে অনেক নেতা-কর্মী দলীয় কর্মসূচিতে আগ্রহ হারিয়ে ফেলছেন। এতে জেলায় ক্ষমতাসীন দলটির সাংগঠনিক শক্তি দুর্বল হওয়ার শঙ্কা করছেন নেতারা।
অবশ্য জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ আতিউর রহমানের মতে, জেলায় দলের সাংগঠনিক শক্তি এখন আরও সুসংহত ও সংগঠিত। জাতীয় সংসদে সরকারদলীয় এই হুইপ প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ কমিটি না থাকলেও প্রধানমন্ত্রীর নির্দেশে ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি করা হয়েছে। এসব কমিটির উদ্যোগে সভা-সমাবেশ হচ্ছে। কমিটি দিতে বিলম্বের বিষয়ে তিনি বলেন, জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। অনুমোদন পেলেই তালিকা প্রকাশ করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ মে জেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন আতিউর রহমান ও চন্দন কুমার পাল। এরপর ১৪ মাস পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেননি তাঁরা। এতে করে জেলার অন্য সব নেতাকে এখন নিজেদের সাধারণ কর্মী বা সাবেক নেতা হিসেবে পরিচয় দিতে হচ্ছে। এ নিয়ে তাঁদের মধ্যে ক্ষোভ রয়েছে। সাংগঠনিক পরিচয়ের অভাবে অনেকে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহ হারিয়ে ফেলছেন।
জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, এটা সত্যি যে এত দিনেও পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় অনেক ত্যাগী নেতা-কর্মী হতাশায় ভুগছেন। তাঁরা দলীয় কর্মসূচি পালনে উৎসাহ পাচ্ছেন না। সাংগঠনিক কাজে স্থবিরতার উদাহরণ দিয়ে তিনি বলেন, ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে গত ৭ জুন ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন শেরপুরে দলীয়ভাবে কোনো কর্মসূচি পালিত হয়নি। সভাপতি ও সাধারণ সম্পাদকের ইচ্ছা অনুযায়ী বর্তমানে জেলা আ.লীগ চলছে মন্তব্য করে তিনি বলেন, মূলত দলের পূর্ণাঙ্গ কমিটি না থাকার কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে জেলা আ.লীগের সাবেক কমিটির একজন সম্পাদক প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ কমিটি না থাকায় গত এক বছরে দলের কার্যনির্বাহী পরিষদের কোনো সভা হয়নি। এতে দলের সাংগঠনিক ভিত্তি দুর্বল হচ্ছে।
জানতে চাইলে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল প্রথম আলোকে বলেন, ‘ঐতিহাসিক ছয় দফা দিবসের সময় সভাপতি ও আমি বিদেশে থাকায় দলীয়ভাবে কর্মসূচি পালন করা সম্ভব হয়নি।’ তবে জুন মাসের শেষের দিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে শেরপুর আ.লীগে দৃশ্যত কোনো কোন্দল নেই। তবে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সঙ্গে হুইপ আতিউর রহমানের নীরব দ্বন্দ্ব রয়েছে। আতিউর সংবাদ সম্মেলন ও সমাবেশ করে একাধিকবার মতিয়া চৌধুরীর কঠোর সমালোচনা করেন। আতিউরের অভিযোগ, কৃষিমন্ত্রী প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করে গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর জয়ের পথে বাধা সৃষ্টি করেছেন। এ ছাড়া তিনি এলাকায় উন্নয়নকাজেও বাধা দিচ্ছেন।
জানতে চাইলে আতিউর প্রথম আলোকে বলেন, ‘মতিয়া চৌধুরী সরকারের একজন সফল মন্ত্রী। তাঁর সঙ্গে আমার কোনো সাংগঠনিক বিরোধ নেই। তবে শেরপুর সদরকে উপেক্ষা করে মতিয়া চৌধুরী সকল উন্নয়নকাজ তাঁর নির্বাচনী এলাকা নকলা ও নালিতাবাড়ীতে করছেন। এতে শেরপুর সদরের মানুষ মনঃক্ষুণ্ন হয়েছেন। এ বিষয়টিই আমি বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ও জনসমক্ষে তুলে ধরেছি।’
তবে মতিয়া চৌধুরী একাধিকবার প্রথম আলোকে বলেছেন, শেরপুর সদর তাঁর নির্বাচনী এলাকা নয়। তাই তিনি কখনো আতিউরের নির্বাচনী এলাকার কোনো উন্নয়নকাজে হস্তক্ষেপ করেননি। শেরপুর সদরের ব্যাপারে তাঁর (মতিয়া) কোনো আগ্রহও নেই।