দীর্ঘ ৯ বছর পর ২০১৪ সালের ২০ ডিসেম্বর পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ঘোষণা করা হয় নতুন কমিটির সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। এর ১৬ মাস পর গতকাল বুধবার ৯৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন দলীয় প্রধান। তবে নতুন কমিটির অধিকাংশ পদে বহাল রয়েছেন পুরোনোরাই।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, পাবনা জেলা আওয়ামী লীগের সর্বশেষ বিলুপ্ত কমিটি অনুমোদন হয়েছিল ২০০৫ সালের ১২ জুন। কমিটিতে সভাপতি ছিলেন পাবনা-৪ আসনের সাংসদ ও বর্তমান ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। এরপর নতুন কোনো কমিটি হয়নি। ২০১৪ সালের ২০ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে সে কমিটি বিলুপ্ত করা হয়। নতুন কমিটির জন্য করা হয় কাউন্সিল অধিবেশন। দিনভর জল্পনাকল্পনা শেষে সভাপতি শামসুর রহমান শরীফকে স্বপদে বহাল রেখে নতুন কমিটির সাধারণ সম্পাদক করা হয় পাবনা-৫ আসনের সাংসদ ও বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুককে। সেই সঙ্গে জ্যেষ্ঠ সহসভাপতি পদে নাম ঘোষণা হয় বিগত কমিটির সহসভাপতি রেজাউল রহিমের। চলে যায় আরও ১৬ মাস। এরপর গতকাল সকালে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।
বিকেলে নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটিতে আটজনকে সহসভাপতি করা হয়েছে। এরা হলেন পাবনা-৩ আসনের সাংসদ মকবুল হোসেন, আবুল কালাম আজাদ, চন্দন কুমার চক্রবর্তী, নুরুজ্জামান বিশ্বাস, আবদুল হামিদ, পাবনা-২ আসনের সাংসদ আজিজুল হক, তোফাজ্জল চৌধুরী ও শহিদুল্লা সহিদ। এদের মধ্যে সাতজনই বিগত কমিটির সহসভাপতি ছিলেন।
সাধারণ সম্পাদক গোলাম ফারুকের সঙ্গে তিনজন যুগ্ম সাধারণ রয়েছেন। এঁরা হলেন আবু ইসহাক শামীম, আইনজীবী বেলায়েত আলী ও বশির আহমেদ। এঁদের মধ্যে দুজন বিগত কমিটির যুগ্ম সম্পাদক।
এ ছাড়া দপ্তর সম্পাদক পদে আইনজীবী আবদুল আহাদ, প্রচার সম্পাদক পদে কামিল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক পদে চিকিৎসক আসলাম বিশ্বাস মাসুদ, শ্রম সম্পাদক পদে সরদার মিঠু আহমেদ ও কোষাধ্যক্ষ পদে আবদুল হান্নানকে স্বপদে বহাল রাখা হয়েছে।
নতুন কমিটি প্রসঙ্গে দলের প্রবীণ নেতারা জানান, সভাপতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে জেলা সদরের বাইরের নেতাদের প্রাধান্য দিয়ে বহাল রাখা হয়েছে। যাঁরা কখনোই দলের ক্রান্তিকাল বা সমস্যার সময় জেলা সদরমুখী হননি। এটি দলের জন্য ক্ষতিকর হবে।
সর্বশেষ কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক বলেন, ‘পাবনা জেলা আওয়ামী লীগের একটি ঐতিহ্য ও সুনাম রয়েছে। তাই দশ বছর পর গঠিত এই নতুন কমিটি তৈরিতে আরও একটু যত্নবান হলে দলের জন্য ভালো হতো।’
নবগঠিত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম বলেন, নবগঠিত কমিটি পাবনা জেলা আওয়ামী লীগের একটি যুগান্তকারী কমিটি হয়েছে। এই কমিটিতে ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতে প্রতিটি নেতাকে সুন্দরভাবে মূল্যায়ন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে পাবনা জেলা আওয়ামী লীগ আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।