সম্মেলনের ২২ দিন পর কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক যুগ পর গত ১০ মে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর যুবলীগের সম্মেলন হয়। তবে তখন কমিটি গঠন করা হয়নি। গত মঙ্গলবার উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পৌর যুবলীগের নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পৌর যুবলীগের সভাপতি শহিদুল আলম, সহসভাপতি মো. জসিম শেখ, মো. টিটন সরদার, শেখ সজীব ও শেখ রাসেল, সাধারণ সম্পাদক মো. সাব্বির খান মুন্নু, সহসধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ও মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক রকি সাহা। কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ও পৌরসভার নয়টি ওয়ার্ডের কমিটি গঠন করে উপজেলা যুবলীগের কাছে হস্তান্তর করতে বলা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘নানা সমস্যার কারণে যথাসময়ে সম্মেলন করা সম্ভব হয়নি। প্রায় এক যুগ পর সম্মেলনের আয়োজন করা হলেও প্রধান অতিথি উপস্থিত না থাকায় দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করা হয়নি। জেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের সম্মেলন-পরবর্তী দু-এক দিনের মধ্যে কমিটি ঘোষণার কথা ছিল। শুনেছি মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়েছে।’
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল বলেন, জেলা যুবলীগের আহ্বায়ক দেশের বাইরে থাকায় কমিটি করতে দেরি হয়েছে।
আবুল কালাম আজাদের সভাপতিত্বে ১০ মে গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী, সহসভাপতি কাজী এরাদত আলীর থাকার কথা থাকলেও তাঁরা ছিলেন না। উপজেলা যুবলীগের সভাপতি ইউনুছ মোল্লার উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকির আবদুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া প্রমুখ।