সম্মেলনের দীর্ঘ ২৫ মাস পরও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন হয়নি। এ নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এতে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
দলীয় সূত্রমতে, ২০১৪ সালের ৬ ডিসেম্বর মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতি হিসেবে স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মীর শরীফ মাহমুদ পুনরায় মনোনীত হন। এ ছাড়া নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সম্মেলনে জানানো হয়।
সম্মেলনের পরপরই ৬৭ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদনের জন্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়। কিন্তু দীর্ঘ দুই বছর এক মাস পেরিয়ে গেলেও কমিটি অনুমোদন হচ্ছে না বলে জানা গেছে।
উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান সিদ্দিকী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি না থাকলে সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়ে বলে মন্তব্য করেন।
প্রস্তাবিত কমিটির অপর সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল জানান, কমিটি অনুমোদন না হওয়াতে দলীয় সভা, বর্ধিত সভা, কার্যকরী কমিটির সভা করতে সমস্যা হচ্ছে। দলীয় নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ শুরু হয়েছে। প্রস্তাবিত কমিটি দ্রুত অনুমোদন হওয়া দরকার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, ‘কী কারণে কমিটি অনুমোদন হচ্ছে না, তা জানি না। দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি সাংগঠনিক তৎপরতা চালাচ্ছি। এতে কোনো সমস্যা হচ্ছে না। প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ড কিংবা ইউনিয়নের নতুন কমিটি গঠিত হচ্ছে। নেতা-কর্মীরা দলীয় কাজ করছেন।’
দীর্ঘ দুই বছরেও উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন না দেওয়ার কারণ জানতে চাইলে সরাসরি এ প্রশ্নের উত্তর না দিয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জানান, চলতি মাসেই কমিটি অনুমোদনের জন্য পদক্ষেপ নেওয়া হবে।