সম্মেলনের ৫ মাস পর সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনের পাঁচ মাস পর অবশেষে ঘোষণা করা হলো ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। ৯ অক্টোবর রাতে কেন্দ্র থেকে এই ঘোষণা দেওয়া হয়। এতে ১৪ বছর পর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন এসেছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হয়েছিল জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন। ওই দিন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তাঁর বক্তব্যের পর জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করার কথা থাকলেও দ্বিধাবিভক্ত আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা থাকায় ঘোষণা করেননি। যদিও সৈয়দ আশরাফুল ইসলাম নিজের বক্তব্যে দলীয় বিভক্তির কথা উল্লেখ না করে কিছু ‘জটিলতার’ কারণে দুটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি বলে জানিয়েছিলেন।
দলীয় কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, ৯ অক্টোবর রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রবীণ রাজনীতিবিদ ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক জহিরুল হক খোকা এবং সাধারণ সম্পাদক হিসেবে মোয়াজ্জেম হোসেন বাবুলের নাম ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এর আগে ২০০২ সালে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের মাধ্যমে বর্তমান সরকারের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানকে সভাপতি ও আবদুল মতিন সরকার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
৯ অক্টোবর রাতে কেন্দ্র থেকে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে এহতেশামুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহিত উর রহমান শান্তর নাম ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন গতকাল মঙ্গলবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।’