সময় কম, বিশ্রামের সময় নেই: এরশাদ
আগামী নির্বাচনের জন্য দ্রুত প্রস্তুত হতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে জনগণ পরিবর্তন চায়। সময় কম, এখন বিশ্রামের সময় নেই।
গতকাল রোববার দলের বনানী কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এরশাদ এ কথা বলেন।
এরশাদ অভিযোগ করেন, দুই দলের শাসনে গণতন্ত্রের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। দেশে এখন একদলীয় শাসন চলছে। তাঁর দল ক্ষমতায় গেলে সুশাসন, সুবিচার প্রতিষ্ঠা করা হবে।
গতকাল হরতালের মধ্যে দলের নেতা-কর্মীরা কর্মসূচিতে যোগ দেওয়ায় তাঁদের ধন্যবাদ জানান এরশাদ। তিনি বলেন, হরতাল নয়, ভূমিকম্প হলেও কর্মসূচিতে আসতে হবে, এটাই জাপার প্রতিশ্রুতি।
ঘরে-বাইরে বেকারত্বের মহোৎসব চলছে মন্তব্য করে এরশাদ বলেন, ‘আমরা প্রতিশ্রুতি শুনেছিলাম—ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করা হবে। এখন দেখা যাচ্ছে, ঘরে ঘরে বেকার। বেকারত্বের জ্বালা সইতে না পেরে যুবসমাজ বিপথগামী হচ্ছে।’