সময় বেঁধে খাল উদ্ধার সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় বেঁধে দিয়ে চট্টগ্রামের খালগুলো অবৈধ দখলমুক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। তবে যৌক্তিক সময়ের মধ্যে নগরের ৫৭টি খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করার আশ্বাস দিয়েছেন তিনি।

গতকাল সোমবার বিকেলে নগরের আন্দরকিল্লায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র নাছির বলেন, অনেক জায়গায় খাল এমনভাবে দখল হয়েছে, সেখানে হেঁটে যাওয়ার অবস্থা নেই। অবৈধ স্থাপনা অপসারণে জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও সেখানে নেওয়া সম্ভব নয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে খাল অবৈধ দখলমুক্ত করতে সবার সঙ্গে আলোচনা করা হবে।

মেয়র বলেন, যে খালটি আগে দখলমুক্ত করলে নগরবাসী উপকৃত হবে, সেটি প্রথমেই করা হবে। উচ্ছেদ অভিযানে চাক্তাই ও মহেশ খালকে প্রাধান্য দেওয়ার কথাও বলেছেন তিনি।

নগরের খাল উদ্ধারে গঠিত টাস্কফোর্সের কর্মপরিধি, সিটি করপোরেশনের সঙ্গে সেবা সংস্থাগুলোর সমন্বয় এবং কর পুনর্মূল্যায়নের বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ২৮ আগস্ট চট্টগ্রাম নগরের প্রাকৃতিক খালগুলো থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং নিয়মিত তদারকির জন্য মেয়রকে আহ্বায়ক করে একটি টাস্কফোর্স গঠন করে।

বিভিন্ন নালা ও খালের ওপর থাকা সিটি করপোরেশনের স্থাপনা উচ্ছেদে তাঁর ওপর আস্থা রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র।

নগরের প্রবর্তক মোড় এলাকায় হিজড়া খালের ওপর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, বহদ্দারহাটে নালার ওপর বিপণিবিতান এবং একই এলাকায় চাক্তাই খালের ওপর রাজস্ব সার্কেল ভবন নির্মাণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এসব ভবনের কারণে পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে দীর্ঘ দিন ধরে বলে বিশেষজ্ঞরা অভিযোগ করে আসছেন। বৃষ্টি হলেই এসব এলাকার মানুষকে জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হয়। অবশ্য ওই তিনটি স্থাপনা সাবেক দুই মেয়রের আমলে নির্মাণ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র বলেন, সিটি করপোরেশনকে না জানিয়ে (রাস্তা, ড্রেন, কালভার্ট, সেতু) বিভিন্ন সরকারি সংস্থা উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে। এসব কাজে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করা হয় না। ফলে জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সিটি করপোরেশনকে অবগত করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করলে চট্টগ্রামকে জনদুর্ভোগহীন নগরে পরিণত করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনের পর মেয়রের বাসভবনে খাল উদ্ধারের জন্য গঠিত টাস্কফোর্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা খাল অপসারণে সিটি করপোরেশনকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এই সভায় নগরের ৫৭টি খালের বিস্তারিত চিত্র তুলে ধরেন করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম। তিনি জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নেওয়া বৃহৎ প্রকল্পের বিভিন্ন অসংগতিও তুলে ধরেন।

সভায় আ জ ম নাছির উদ্দীন বলেন, সিডিএ বলেছে, তারা ওয়াসার মহাপরিকল্পনার সুপারিশ অনুযায়ী জলাবদ্ধতা নিরসনে প্রকল্প নিয়েছে। কিন্তু ওয়াসার সুপারিশের সঙ্গে এই প্রকল্পে অনেক অসংগতি রয়েছে। এসব অসংগতি রেখে প্রকল্প বাস্তবায়ন করা হলে টাকা অপচয় হবে। তখন জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর সদিচ্ছার অপমৃত্যু হবে। তাই অর্থ সাশ্রয় করার জন্য প্রয়োজনে সিডিএর প্রকল্প সংশোধন করতে হবে। অন্যথায় নগরবাসী সুফল পাবে না।

সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মিজানুর রহমান বলেন, একসঙ্গে নগরের সব খাল অপসারণ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতিও নেই। সবগুলো খাল উচ্ছেদের জন্য একটি পরিকল্পনা করা দরকার।

খাল অবৈধ দখলমুক্ত করার পর কোনোভাবেই সেখানে যাতে নতুন করে কেউ স্থাপনা নির্মাণ করতে না পারে সেটি নিশ্চিত করতে সভায় টাস্কফোর্সকে পরামর্শ দেন চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার এস এম মোস্তাইন হোসেন।