সময় শেষে প্রস্তাব জমা দিল বিকল্পধারা
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান কমিটিতে নির্ধারিত সময় শেষ হওয়ার আধা ঘণ্টা পরে প্রস্তাব জমা দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। তবে তা গ্রহণ করা হয়েছে।
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া ৩১টি রাজনৈতিক দলের কাছে নাম চেয়ে চিঠি পাঠিয়েছিল অনুসন্ধান কমিটি। আজ মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত নাম দেওয়ার সময় ছিল। এই সময় অনুযায়ী আওয়ামী লীগ, বিএনপিসহ ২৫টি দল পাঁচটি করে নাম জমা দিয়েছে। আর দুটি দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (রব) চিঠি দিয়ে নাম না দেওয়ার কারণ উল্লেখ করেছে। তখন পর্যন্ত নাম বা কোনো চিঠি দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও গণফোরাম।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে বিকল্পধারা প্রস্তাব জমা দিয়েছে এবং তা অফিসে গ্রহণ করা হয়েছে। এখন অনুসন্ধান কমিটির পরবর্তী সভায় সেটি উপস্থাপন করা হবে।
বিকল্পধারা সূত্র জানায়, দলটির মহাসচিবের একান্ত সচিব ফারুক খান এই প্রস্তাব নিয়ে যান।
এদিকে রাজনৈতিক দলের দেওয়া ১২৫টি নাম থেকে ২০ জনের সংক্ষিপ্ত একটি তালিকা করেছেন অনুসন্ধান কমিটির সদস্যরা। আজ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা জানান।