আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, একটি রাজনৈতিক দলকে গতিশীল রাখতে ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে দলটির নিয়মিত সম্মেলন হওয়া জরুরি। কিন্তু তা না হওয়ায় নেতৃত্বের বিকাশ ঘটছে না। পরিণামে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আশরাফুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, ‘সম্মেলন হচ্ছে ১১ বছর পর। কোনো কোনো জেলায় ১৫-১৬ বছর পর হচ্ছে। অথচ নির্দিষ্ট সময়ে সম্মেলন হলে আরও চারটি সম্মেলন হতো। সে ক্ষেত্রে আমরা ওই সব জেলা থেকে আরও চারজন করে সভাপতি ও সাধারণ সম্পাদক পেতাম।’ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৫ সালের ১৬ মে।
জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সুবল সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ মাসুদের নাম ঘোষণা করেন সৈয়দ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘অনুষ্ঠানে একজন নারীকেও বক্তা রাখা হয়নি। আমি আজ এর প্রতিবাদ করে গেলাম।’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শেখ হাসিনা পৃথিবীর একমাত্র নেতা, যিনি দিনক্ষণ ঠিক করে বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন। তিনি তাঁর বাবার স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন। আর এ কারণে আমাদের ইস্পাতদৃঢ় ঐক্য বজায় রেখে তাঁর কাজে সহযোগিতা করতে হবে।’
জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুবল সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, শ্রম ও জনশক্তিবিষয়ক
সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কার্যনির্বাহী সদস্য আবদুর রহমান, এস এম কামাল, সহসম্পাদক সাইফুল আহাদ সেলিম, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার প্রমুখ।