সরকার অপরাধীদের রক্ষা করছে: শামসুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান বলেন, দেশে খুন, ধর্ষণ, শিশু হত্যা, নারী নির্যাতন বেড়েছে। অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে না, অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। সরকার এসব অপরাধীদের রক্ষা করছে। আর যারা নিরপরাধ, যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করে, তাদের কথা বলার অধিকারকে প্রতিহত করতে সরকার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে।

আজ রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা প্রত্যাহার ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত মানববন্ধনে শামসুজ্জামান এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, সম্প্রতি নিরাপত্তার চাদরে বেষ্টিত এলাকা ক্যান্টনমেন্ট এলাকায় সোহাগী জাহান তনুকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের সরকার এখনও গ্রেপ্তার করেনি। অথচ যিনি দেশের মানুষের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন এবং এখনো করে যাচ্ছেন, সেই নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সরকারের এই মামলা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এ মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখানো হয়েছে। অথচ তিনি জনসম্মুখে আছেন, সভা সমাবেশ করছেন, বক্তব্য দিচ্ছেন।