সরকার অস্থিতিশীল হয় এমন কিছু করবে না জাপা
জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সভা মনে করে, মন্ত্রিসভা থেকে দলের তিন সাংসদের বেরিয়ে আসা উচিত। তবে দলটি মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলবে না। একই সঙ্গে সরকার অস্থিতিশীল হয় এমন কোনো পরিস্থিতিও তৈরি করবে না।
গতকাল রোববার জাপার সভাপতিমণ্ডলীর সভায় দলের নীতিনির্ধারকেরা এই সিদ্ধান্তে উপনীত হন বলে সভায় অংশ নেওয়া দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন।
জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের সভাপতিত্বে বনানীতে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ৩৭ সদস্যবিশিষ্ট সভাপতিমণ্ডলীর ২১ জন সদস্য উপস্থিত ছিলেন। বেলা সোয়া ১১টা থেকে পৌনে তিনটা পর্যন্ত চলা সভায় ১৯ জন বক্তব্য দেন। তবে রওশন এরশাদ, দলের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৩ জন সভায় উপস্থিত ছিলেন না।
সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাপার নবনিযুক্ত মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, সর্বসম্মতিক্রমে সভাপতিমণ্ডলীর সভা নবনিযুক্ত কো-চেয়ারম্যান ও মহাসচিবকে অনুমোদন করেছে। এ ছাড়া আগামী ১৬ এপ্রিল জাপার জাতীয় সম্মেলন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ঢাকায় ও প্রতিটি জেলায় পর্যবেক্ষণ সেল করার সিদ্ধান্ত হয়।
পরে এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে আলাপকালে এসব অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেছেন রওশনপন্থী হিসেবে পরিচিত জাপার সভাপতিমণ্ডলীর সদস্য তাজুল ইসলাম। তিনি বলেন, জাতীয় সম্মেলন ছাড়া দলে কোনো পদ সৃষ্টি, কাউকে পদে বসানো বা সরানো যায় না। এগুলো হতে পারে কেবল সম্মেলনে।
এদিকে জাপার দায়িত্বশীল একাধিক নেতা বলেন, রওশনসহ তাঁর অনুসারী নেতারা গতকালের সভাপতিমণ্ডলীর সভায় অনুপস্থিত থাকায় জাপায় কো-চেয়ারম্যান ও নতুন মহাসচিব নিয়োগকে কেন্দ্র করে যে অস্থিরতা চলছে, তা আরও দীর্ঘায়িত হলো।
দলীয় সূত্র জানায়, গতকালের সভায় সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে এরশাদ নিজে অনেককে ফোন করেন। এর বিপরীতে রওশনপন্থী কয়েকজন নেতাও সমান তৎপর ছিলেন। রওশন ছাড়াও গতকালের সভায় অনুপস্থিত ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক, মশিউর রহমান, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, তাজুল ইসলাম চৌধুরী, কাজী ফিরোজ রশিদ, ফখরুল ইমাম, মাহবুবুর রহমান, দেলোয়ার হোসেন, করিম উদ্দিন ভরসা, নূরে হাসনা লিলি চৌধুরী ও সালমা ইসলাম। এঁদের মধ্যে মশিউর রহমান ও সালমা ইসলাম বিদেশে আর মাহবুবুর রহমান ও করিম উদ্দিন ভরসা অসুস্থ।
অন্যরা দেশে থেকেও কেন সভায় যাননি—এ নিয়ে রওশনের বক্তব্য জানতে চাইলে তাঁর রাজনৈতিক সচিব ফখরুল ইমাম প্রথম আলোকে জানান, এ বিষয়ে কথা বলবেন তাজুল ইসলাম। পরে তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘সভাপতিমণ্ডলীর বৈঠকের আলোচ্যসূচিই আমরা জানতাম না। তা ছাড়া আমি বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে গতকাল বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম।’
অবশ্য রওশনসহ অন্যদের অনুপস্থিতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘রওশন এরশাদ নিজেই বলেছেন, তাঁর অফিশিয়াল প্রোগ্রাম থাকায় তিনি আসতে পারবেন না। দুজন বিদেশে আছেন। অনেকে বিভিন্ন কারণে আসতে পারেননি।’ তিনি বলেন, ‘মেজরিটির সিদ্ধান্ত দলের সবার জন্য প্রযোজ্য। তা ছাড়া এরশাদ সাহেব যেদিকে আছেন, দল সব সময় সেদিকে ছিল, আছে। রওশন এরশাদ আমাদের বাইরে আছেন, এমন কথা তিনি কখনো বলেননি। তিনি আমাদের মায়ের মতো।’
সভায় ছিলেন এমন তিনজন নেতা প্রথম আলোকে বলেন, দলীয় প্রধান এরশাদ সভায় কথা বলেছেন খুব কম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁকে বিশেষ দূত করে সম্মান দিয়েছেন। এ পদ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
সমাপনী বক্তব্য দেন কো-চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, জাপা কখনো মধ্যবর্তী নির্বাচনের দাবি জানাবে না। কারণ দলটি মধ্যবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত নয়। দলের সাংগঠনিক শক্তি-সামর্থ্যও ওই পর্যায়ে নেই যে নির্বাচন দিলে ভালো ফল পাওয়া যাবে। তাই মধ্যবর্তী নির্বাচনে জাতীয় পার্টির কোনো লাভ নেই।
জি এম কাদের বলেন, জাপা সরকারের সঙ্গে সংঘাতে যেতে চায় না। তাহলে রাজনীতি করাই দুরূহ হয়ে পড়বে। তার চেয়ে সরকার বাকি তিন বছর ক্ষমতায় থাকুক। এই সময়ের মধ্যে দল গোছানোর দিকে মনোযোগ দেবে জাপা। তিনি বলেন, দেশে রাজনৈতিক শূন্যতা আছে। এ শূন্যতা পূরণে জাপা চেষ্টা চালাবে। এ লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে নামতে দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের প্রতি আহ্বান জানান।
সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘সবাই মতামত দিয়েছেন যে সরকার থেকে বেরিয়ে আসাই ভালো। তবে সবাইকে বলা হয়েছে, দলীয় চেয়ারম্যান যেভাবে সুবিধা মনে করেন, সেভাবে বাস্তবায়ন করবেন। সবাই একমত হয়েছেন, আমাদের দলীয় রাজনীতির স্বার্থে বা রাজনীতিকে স্পষ্ট করার জন্য এটা অত্যন্ত জরুরি।’
জাপা থেকে আরও তিনজনকে মন্ত্রী করার জন্য সরকারের কাছে এরশাদ প্রস্তাব দিয়েছেন—গণমাধ্যমে আসা এমন খবর নাকচ করে দেন জি এম কাদের। তিনি বলেন, ‘এ খবরটি একটি সংবাদপত্রে এসেছে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, কোনো ধরনের ভেরিফিকেশন (যাচাই) ছাড়াই। খবরে এরশাদ সাহেবকে উদ্ধৃত করা হয়েছে, অথচ এরশাদ সাহেব বা তাঁর ঘনিষ্ঠজন হিসেবে আমাকে কিংবা মহাসচিবকেও এ বিষয়ে জিজ্ঞাসা করেনি। এ কেমন সাংবাদিকতা?’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাইদুর রহমান, সুনীল শুভ রায়, এস এম ফয়সাল চিশতী, আবদুস সবুর, সাইফুদ্দিন আহমেদ, সোলায়মান আলম শেঠ প্রমুখ।