সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ হাস্যকর: বিএনপি
ইসরায়েলি নাগরিকের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি নেতার সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগকে ‘হাস্যকর’ বলে দাবি করেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাচিব রুহুল কবির রিজভীর দাবি, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে কোণঠাসা অবস্থা থেকে বের হতে এবং জনগণকে বিভ্রান্ত করতে সরকার বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে নিয়ে নাটক সাজিয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে কারাগারে পাঠানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর মুক্তি দাবি করা হয়।
রিজভী বলেন, ‘বাংলাদেশ-ভারত বন্ধুপ্রতিম রাষ্ট্র। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে তাদের সখ্য বেশি। এ ক্ষেত্রে বাংলাদেশের সরকার নির্বাচিত কি নির্বাচিত না, তা তারা দেখে না। বারবার তাদের সমর্থন পুনর্ব্যক্ত করছে। সেই ভারতের মাটিতে বিএনপির একজন লোক গিয়ে বাংলাদেশ সরকার উৎখাতের ষড়যন্ত্র করবে, এটা হাস্যকর ছাড়া আর কিছু হতে পারে?’ সংবাদ সম্মেলনে বিএনপির আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন দাবি করেন, ২০১৪ সালের জুনে ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গমেজ তার বাসায় ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে নৈশভোজ করেছিলেন। তখন সেটা নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেছিলেন, জন গোমেজকে ফিলিপাইন থেকে প্রত্যাহার করা হচ্ছে। তাঁকে শোকজ করা হয়েছে, তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু গোমেজ এখনো ফিলিপাইনের রাষ্ট্রদূত। তাহলে কি প্রমাণিত হয় না যে আওয়ামী লীগ মোসাদের সঙ্গে ষড়যন্ত্র করছে?
এদিকে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আলাদা এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, সরকার মুসলিম বিশ্বের সমর্থন পেতে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে নাটক সাজিয়েছে। এটিকে তিনি সরকারের ষড়যন্ত্র বলে দাবি করেন।