ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে মিলে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলে বিএনপির এক নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
গতকাল শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় হান্নান শাহ এই দাবি করেন। গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র এম এ মান্নানের মুক্তির দাবিতে ওই সভার আয়োজন করে ‘সচেতন নাগরিক ফোরাম, গাজীপুর মহানগর’ নামের একটি সংগঠন।
নয়াপল্টনে পৃথক এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ভারতের মাটিতে বসে মোসাদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্র বিশ্বাসযোগ্য নয়। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে ওই ষড়যন্ত্র আবিষ্কার করা হয়েছে।
সরকার উৎখাতের লক্ষ্যে ইসরায়েলি রাজনীতিক মেন্দি এন সাফাদির সঙ্গে ভারতে বৈঠক করার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
এই অভিযোগ ‘ডাহা মিথ্যা’ দাবি করে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ বলেন, ‘বলা হচ্ছে, ভারতের মাটিতে বসে ষড়যন্ত্র হয়েছে। ভারত বাংলাদেশের বর্তমান সরকারের সবচেয়ে বড়, বলা যায় একমাত্র নির্ভরযোগ্য সমর্থক। তাদের মাটিতে বসে এই ষড়যন্ত্র হয়ে থাকলে বাংলাদেশ সরকার ভারতের কাছে জিজ্ঞাসা করল না কেন বা কূটনৈতিক প্রতিবাদ কেন করা হলো না?’