সরকার উৎখাতের চক্রান্ত গুপ্তহত্যা, শিক্ষক লাঞ্ছনা একই সূত্রে গাঁথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার উৎখাতের চক্রান্ত, গুপ্তহত্যা, শিক্ষক লাঞ্ছনা ও পরিকল্পিত সন্ত্রাসের ঘটনা একই সূত্রে গাঁথা বলে চট্টগ্রামের ১৪ দলের নেতারা মনে করেন। তাঁরা বলছেন, এসব অপতৎপরতার একমাত্র উদ্দেশ্য হলো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে বাংলাদেশ ও বাঙালি জাতিসত্তাকে ধ্বংস করা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের চশমাহিলে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও ১৪ দলের সমম্বয়ক এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে ১৪ দলের সভা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সহসভাপতি ইন্দু নন্দন দত্ত। তবে চট্টগ্রামে না থাকায় মহিউদ্দিন চৌধুরী সভায় উপস্থিত ছিলেন না।
সভায় শিক্ষক লাঞ্ছনাকারী সাংসদ সেলিম ওসমানের শাস্তি ও তাঁর সংসদ সদস্যপদ খারিজ করার দাবি জানানো হয়। এ ছাড়া ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপি নেতার বৈঠকের খবরে উদ্বেগ প্রকাশ করা হয়।
গতকালের সভায় বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি আবু হানিফ, জাসদ মহানগর শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিকী, সাধারণ সম্পাদক জ উ বাবুল, গণআজাদী লীগের আহ্বায়ক নজরুল ইসলাম আশরাফী, তরিকত ফেডারেশনের জেলা আহ্বায়ক কাজী আহসান উল মোরশেদ প্রমুখ।