সরকার এখন আর জঙ্গি বলে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে যত ঘটনা ঘটত, আগে সরকার জঙ্গি জঙ্গি বলে চিৎকার করত। এখন আর করে না। এখন বলে, বিএনপি-জামায়াত করছে। নতুন করে এখন যোগ হয়েছে, খালেদা জিয়া বিদেশে বসে ষড়যন্ত্র করছেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সরকারকে উদ্দেশ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে দেশকে ধ্বংস করবেন না। গণতন্ত্র ব্যাহত করবেন না। ভোটের অধিকার ফিরিয়ে দিন। সারা বিশ্ব যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে ব্যর্থ বলছে, তখন সরকার বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এর চেয়ে লজ্জার আর কী থাকে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানের উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা জাতীয় ঐক্য গঠন করে গণতন্ত্র সমুন্নত রাখতে চাই। মিথ্যা মামলার অবসান চাই। এই সরকারই শেষ সরকার নয়।’
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত। আলোচনায় আরও অংশ নেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।