সরকার এখনো সর্বশক্তি প্রয়োগ করেনি: শাজাহান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে সহিংসতা রোধে সরকার এখনো সর্বশক্তি প্রয়োগ করেনি বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, ‘সরকারের কোনো ব্যর্থতা নেই। সরকার এখনো সর্বশক্তি প্রয়োগ করেনি। ৬৪ জেলার মধ্যে ১০-১২টি জেলায় সহিংসতা হচ্ছে।’

আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে শাজাহান খান এসব কথা বলেন। শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সমাবেশের আনুষ্ঠানিক ঘোষণা দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সমন্বয় পরিষদের উদ্যোগে আগামীকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়েছে। শাজাহান খান এই সমন্বয় পরিষদের আহ্বায়ক।

শাজাহান খান বলেন, ‘কোথাও ঝড় বা টর্নেডো আসলে কিছু হতেই পারে। তবে তা দীর্ঘস্থায়ী না। সরকার ও জনগণ মিলে শিগগিরই এর নিরসন হবে।’ তিনি জানান, বিএনপি-জামায়াতের প্রতি ঘৃণা জানাতেই আগামীকালের সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে শাজাহান খান বলেন, ‘আপনার সন্তানের মৃত্যুতে আপনি ব্যথা পেয়েছেন। কিন্তু বার্ন ইউনিটে যে সন্তান তার বাবার পোড়া মুখ দেখে চিনতে পারছে না, বলছে, “বাবা, তোমার মুখে কী আমি আর চুমু খেতে পারব না”—তাদের কথা একবার ভাবুন।’ তিনি বলেন, ব্যাপক জনসম্পৃক্তির মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করা হবে। যার যার অবস্থানে আমরা কঠোর হব। এটাতে না হলে সরকার আরও কঠোর হবে।

সংবাদ সম্মেলনে সমন্বয় পরিষদের সদস্য সচিব আবদুল মালেক, মুক্তিযোদ্ধা কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, নারী নেত্রী শিরিন আখতার, গার্মেন্টস ঐক্যপরিষদের সদস্য সচিব নূরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।