সরকার ও জঙ্গি পরস্পরের আদর্শ ধারণ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার ও জঙ্গিরা একে অপরের আদর্শ ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। তাঁরা বলেন, এই সরকার ও জঙ্গিদের আদর্শের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জঙ্গি ইস্যু জিইয়ে রাখতেই সরকার উগ্রবাদ দমনে খালেদা জিয়ার প্রস্তাবমতো একসঙ্গে কাজ করতে আগ্রহী হচ্ছে না।
গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে চিকিৎসকদের এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই সমাবেশের আয়োজন করে।
জঙ্গিবাদ ইস্যু সৃষ্টির জন্য সরকারকে দায়ী করে নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও দায়বদ্ধহীন একটি সরকারের বিরুদ্ধে জনগণের ভোটে নির্বাচিত সরকার কায়েমের লড়াই চলছে। এই লড়াইকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটার পর একটা নতুন ইস্যু সৃষ্টি করা হচ্ছে। একটা ইস্যুর নিচে একটা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এখন সন্ত্রাস ও জঙ্গিবাদের ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, জঙ্গি দমন করার জন্য একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছেন খালেদা জিয়া। প্রশাসন বা পুলিশ দিয়ে এ ধরনের কার্যক্রম দমন করা যায় না। জনগণকে সঙ্গে নিয়ে এটা করতে হয়। কিন্তু তাতে সরকার আগ্রহী নয়। এর মূল কারণ হলো, এই ইস্যুটা জিইয়ে রাখতে হবে। যাতে জনগণ শেয়ারবাজার ও ব্যাংক লুটের কথা ভুলে যায়, অত্যাচার-নিপীড়ন, খুন-অপহরণ, মিথ্যা মামলা দিয়ে হয়রানির কথা ভুলে যায়।