সরকার ও দেশবাসীকে বন্যার্তদের সহায়তার আহ্বান এরশাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বন্যাদুর্গত মানুষের উদ্দেশে বলেন, ১৯৮৭-৮৮ সালে এর চেয়ে বড় বন্যায় তৎকালীন জাতীয় পার্টির সরকার মোকাবিলা করেছে। বানভাসি মানুষের পাশে জাতীয় পার্টি সব সময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি সরকারসহ দেশবাসীকে বানভাসি মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় গাইবান্ধা সদর উপজেলার কামারজানি মার্চেন্টস উচ্চবিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ–পূর্ববর্তী এক পথসভায় এরশাদ এসব কথা বলেন। কামারজানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোলায়মান ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সভাপতি আবদুর রশিদ সরকার, কামারজানি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুস ছালাম প্রমুখ।
পথসভায় এরশাদ আরও বলেন, কামারজানিতে নদীভাঙন রোধে জাতীয় পার্টি কাজ করবে। তিনি বলেন, ‘আমি ঢাকায় ফিরে পানিসম্পদমন্ত্রীর সঙ্গে কথা বলব। এ ছাড়া তাঁকে এই এলাকা পরিদর্শনে পদক্ষেপ গ্রহণের অনুরোধ করব।’ পরে সাবেক রাষ্ট্রপতি এরশাদ কামারজানি ইউনিয়নের বন্যাকবলিত ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এর আগে বিকেল চারটায় এরশাদ ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসিঘাট এলাকায় ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত এক পথসভায় বক্তৃতা দেন। ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল হালিমের সভাপতিত্বে এই পথসভায় বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রমুখ। পরে এরশাদ বালাসিঘাটে ৫০০ বন্যাদুর্গত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।