সরকার ও নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনা

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডিএনসিসি নির্বাচন বানচাল করা পূর্বপরিকল্পিত নীলনকশা, এটি সরকার ও নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনা।
আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচন নিয়ে বর্তমান সিইসি সরকারের নির্দেশে আইনি ত্রুটি রেখে তফসিল ঘোষণা করেছেন। এটা সরকারের নীলনকশার অংশ।
বিএনপি নেতা রিজভী বলেন, নির্বাচন কমিশনের ত্রুটিপূর্ণ তফসিলের কারণেই সংক্ষুব্ধরা রিট করার সুযোগ পেয়েছেন। বিএনপি বারবার বলে আসছে, নির্বাচন নিয়ে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগের ‘মাস্টার প্ল্যানেরই’ অংশ। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনও এ বছর হওয়ার কথা। তাই ঢাকা সিটিতে বিপুল ভোটে পরাজিত হলে আওয়ামী লীগের জাতকুল কিছুই থাকবে না।
রুহুল কবীর রিজভী বলেন, ৯ জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করতে হবে। কিন্তু এখন পর্যন্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। এখন যিনি প্রার্থী হবেন তিনি জানেন না, তিনি ভোটার কি না। তিনি বলেন, এ ছাড়া মনোনয়নপত্রে ৩০০ ভোটারের স্বাক্ষর থাকতে হবে। ভোটার তালিকা প্রকাশিত না হলে এটা সম্ভব হচ্ছে না।
কমিশনের অসম্পূর্ণ কাজের বিষয় উল্লেখ করে রিজভী বলেন, এ ছাড়া স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৫(৩) উপধারা অনুযায়ী উত্তর সিটি করপোরেশনের নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড মিলে কাউন্সিলর শতকরা ৭৪ ভাগ হয় না। কারণ, নতুন ১৮টিতে তো নির্বাচনই হয়নি। এ ছাড়া সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডে যাঁরা কাউন্সিলর হবেন, তাঁরা কত দিনের জন্য নির্বাচিত হবেন? তাঁরা কি পাঁচ বছরের জন্য নির্বাচিত হবেন? না আড়াই বছরের জন্য নির্বাচিত হবেন? তা নির্ধারণ করেনি কমিশন।