সরকার ও ১৪ দলে থাকা নিয়ে দলের নেতাদের ভিন্নমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান আজ শুক্রবার বেলা তিনটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। ২০১০ সালের ৭ ও ৮ জানুয়ারি দলটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে জাসদের সরকার বা ১৪ দলে থাকা উচিত কি না, সেই প্রশ্ন তুলেছে নেতাদের একাংশ।
জাসদের একাধিক সূত্র জানায়, সম্মেলনের মাধ্যমে জাসদের ১০১ সদস্যের নতুন কমিটি গঠন করা হবে। এর আগে দলটির ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৭৪টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুই বছর পরপর সম্মেলন হওয়ার কথা থাকলেও এবার ছয় বছর পর সম্মেলন হচ্ছে।
জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক আহমেদ এ বিষয়ে দলের সব কাউন্সিলরের কাছে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে বলা হয়, তিনি মনে করেন ১৪ দল ও সরকার থেকে জাসদের বেরিয়ে আসা উচিত। এ ছাড়া তাঁর মত, মন্ত্রী হলে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক হতে পারবেন না।
এ প্রসঙ্গে জানতে চাইলে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া প্রথম আলোকে বলেন, ‘আমাদের দলে বহুমত আছে। কাউন্সিলে হয়তো ১৪ দল ও সরকারে থাকা বা না-থাকা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আমার মত হচ্ছে, ১৪ দলকে শক্তিশালী করতে জাসদকে আরও সক্রিয় ভূমিকা রেখে রাজনৈতিক সুযোগের সদ্ব্যবহার করা উচিত।’
দলটির সভাপতি পদে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী কোনো নেতার নাম জোরেশোরে শোনা যায়নি। জাসদের গঠনতন্ত্রে বলা আছে, একবারের বেশি সভাপতি থাকা যাবে না। সে ক্ষেত্রে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সভাপতি থাকতে চাইলে গঠনতন্ত্র সংশোধন করতে হবে। তবে সাধারণ সম্পাদক পদে কমপক্ষে তিনজন প্রার্থী রয়েছেন।
দলের একাধিক সূত্র জানায়, নির্বাচন বা সমঝোতা যাই হোক না কেন, সভাপতি-সাধারণ সম্পাদক পদে দুটি প্যানেল সক্রিয় আছে। একটি হচ্ছে হাসানুল হক ইনু ও শিরীন আখতারের নেতৃত্বে প্যানেল এবং অপরটি হচ্ছে শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের নেতৃত্বাধীন প্যানেল।
জাসদের কেন্দ্রীয় নেতা নির্বাচনের লক্ষ্যে ১ হাজার ২০৫ জন কাউন্সিলর অংশ নেবেন। তবে সমঝোতার মাধ্যমে কমিটি হলে ভোট নেওয়া হবে না। কাল শনিবার সকাল ১০টায় মহানগর নাট্যমঞ্চে কাউন্সিল অধিবেশন ও নেতা নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার বলা হয়েছে, আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দেশের রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া সারা দেশ থেকে প্রায় ৩০ হাজার দলীয় নেতা-কর্মী অনুষ্ঠানে অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।