সরকার কিল মারার গোঁসাই: এলডিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের ভাত দেওয়ার মুরোদ নেই, কিল মারার গোঁসাই। ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক বন্ধের ঘোষণার সমালোচনা করে আজ শনিবার এক বিবৃতিতে এ কথা বলেছে এলডিপি।

এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সরকারের এই সিদ্ধান্তে যারা রিকশা-ব্যাটারি আমদানি করল, তাদের কোনো ক্ষতি হলো না। যাঁরা রিকশা-ব্যাটারি কিনে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন, তাঁরাই ক্ষতিগ্রস্ত হলেন।

করোনা মহামারিকালে অসংখ্য মানুষ বেকার হচ্ছে, আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। এখন তুঘলকি কায়দায় ব্যাটারিচালিত রিকশা-ভ্যান নিষিদ্ধ করার ঘোষণায় ৫০ লাখ পরিবারকে মানবেতর জীবনের দিকে ঠেলে দেবে, যা সমাজে চরম অস্থিরতা ও নৈরাজ্য তৈরি করবে।

এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে এলডিপির পক্ষ থেকে বলা হয়, সরকার কোনো যুক্তিতেই গরিব ব্যাটারি রিকশাচালকদের সর্বস্বান্ত করে পথে বসিয়ে দিতে পারে না।