সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মৌলবাদী-সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপসরফা করে দেশকে আরও দক্ষিণপন্থী পশ্চাৎপদতার দিকে ঠেলে দিয়েছে। জামায়াতের সঙ্গে বিএনপির ঐক্য এবং হেফাজতের কাছে আওয়ামী লীগের নতিস্বীকার সমাজ ও রাষ্ট্রের সাম্প্রদায়িকীকরণকে ত্বরান্বিত করছে।
গতকাল সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে সিপিবি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) যৌথ সভায় এ কথা বলা হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে এই সভায় বলা হয়, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে মানুষ চরম সংকটে পড়েছে। আজকের দিনে মোটা চালের দাম পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বেশি। সামনে বাজেট, সরকারের আয় বৃদ্ধির নামে ভ্যাটের হার বৃদ্ধি করে সাধারণ জনগণকে নিদারুণ সংকটে ফেলা হচ্ছে।
সভায় বলা হয়, জনজীবনের এই কষ্ট লাঘবে সিপিবি-বাসদ জোরকদমে এগিয়ে যাবে। ছাত্র-শ্রমিক-কৃষক-খেতমজুর-নারীদের ওপর যে নিপীড়ন নেমে এসেছে, তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। এ লক্ষ্যে সিপিবি-বাসদ সারা দেশে যৌথভাবে কর্মিসভা, সমাবেশ, সুধী সমাবেশের মাধ্যমে হেফাজতের কাছে সরকারের নতিস্বীকারের বিরুদ্ধে, হাওরবাসীর ঋণ মওকুফ এবং আগাম ফসল না ওঠা পর্যন্ত খাদ্য ও নগদ সহায়তা চালু রাখা, বাজেটে কর ও ভ্যাটের হার বৃদ্ধির মাধ্যমে মানুষের জীবন বিপর্যস্ত করা, দ্রব্যমূলের ঊর্ধ্বগতি রোধ, সুন্দরবন রক্ষায় রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ বাতিল করা—এসব গণদাবি নিয়ে গণ-আন্দোলন গড়ে তুলতে জনগণের কাছে আহ্বান জানাবে।
সভায় বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজসহ সিপিবি ও বাসদের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা অংশ নেন।