সরকার কয়লা তোলার প্রক্রিয়ার মধ্যে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য সরকার কয়লা আমদানি করার পাশাপাশি দেশের কয়লা তোলারও প্রক্রিয়ার মধ্যে আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল মঙ্গলবার ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্জন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদ এই আলোচনা সভার আয়োজন করে। সভায় নসরুল হামিদ বলেন, ‘হয়তো এখনই আমরা কয়লা তোলার সিদ্ধান্ত নিচ্ছি না। কিন্তু আমরা সে প্রক্রিয়ার মধ্যে আছি।’ তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে গত পাঁচ-ছয় বছরে অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সকালে প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, গত পাঁচ বছরে বিদ্যুৎ উৎপাদনে ৫০২ কোটি মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে। বাস্তবায়নাধীন প্রকল্পগুলোতে বিনিয়োগ হয়েছে আরও ৮০৫ কোটি ডলার। ২০৩০ সালের মধ্যে এই খাতে আরও দুই হাজার ৪০০ কোটি ডলার বিনিয়োগ হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ইজাজ হোসেন সরকারের সাফল্যের পাশাপাশি মধ্যমেয়াদি প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এবং জ্বালানির অর্থনৈতিক মূল্য নির্ধারণে সরকারের অনীহার সমালোচনা করেন।
এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, আগের মতো ব্যবসায়ীদের এখন আর বিদ্যুৎ কখন আসবে, সেই অপেক্ষায় থাকতে হয় না। তবে বিদ্যুৎ ও গ্যাসের নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে।