
সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে চায় বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে আয়োজিত ওই সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়া বাইরে থাকলে সরকারের টনক নড়ে যায়। তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, সেখানে রাষ্ট্রদ্রোহের চিহ্নমাত্র ছিল না। অথচ ওই বক্তব্যকে কেন্দ্র করে শুধু রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করানো হয়েছে। এটা পরিহাস ছাড়া আর কিছু নয়।
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে গতকাল রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা এক আইনজীবীর নালিশি মামলা আমলে নিয়ে সমন জারি করেন আদালত।
গত ডিসেম্বরে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ফখরুল আরও বলেন, ‘তাঁর বক্তব্যের মধ্যে রাষ্ট্রদ্রোহের চিহ্নমাত্র নেই। বরং তিনি বলেছেন, এটার সঠিক হিসাব হওয়া উচিত। যে হিসাবটা হলে আমরা আমাদের শহীদদের প্রকৃত মর্যাদা দিতে পারব। যার ব্যাখ্যা আমি একটি বিবৃতি দিয়ে গোটা জাতিকে জানিয়েছি।’
সরকার দেশকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে বলে দাবি করে ফখরুল বলেন, গ্রাম পর্যায়েও এই বিভক্তি নিয়ে গেছে। এখন চায়ের দোকানেও দল বিবেচনায় ক্রেতার আগমন ঘটে। গ্রাম্য সালিসেও দল বিবেচনায় বিচার হয়। সরকার সচেতনভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এটা করেছে।
পাকিস্তান আমলে আইয়ুবের শাসনের সময়ের চেয়ে দুঃসময় চলছে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এখন কথা বললে, মতামত দিলেই অপরাধ। কেউ এখন আর নিরাপদে নেই। গণতন্ত্র পুনরুদ্ধার, অধিকার রক্ষায় নিজেদেরই ব্যবস্থা নিতে
হবে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এসে সাহায্য করবে না।
আজ যুবদলের বিক্ষোভ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। গতকাল সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।