সরকার গণতন্ত্রের সীমানাকে ক্রমেই সংকুচিত করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল জাতীয় প্রেসক্লাবে নিজের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না l ছবি: প্রথম আলো
গতকাল জাতীয় প্রেসক্লাবে নিজের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না l ছবি: প্রথম আলো

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা বলেছেন, এই সরকার মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও সংগঠিত হওয়ার স্বাধীনতাকে হরণ করে গণতন্ত্রের সীমানাকে ক্রমেই সংকুচিত করে আনছে।
তাঁদের মতে, বিরোধী মত দমনে সরকার গুম-খুন-নির্যাতনসহ দমন-পীড়নের যে ধারা তৈরি করেছে, তা থেকে উত্তরণের জন্য ও রাজনীতিতে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্য এই সংবর্ধনার আয়োজন করে। ‘রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানি’ দেওয়ার অভিযোগে করা দুটি মামলায় প্রায় ২১ মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান মাহমুদুর রহমান মান্না।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে। তিনি বলেন, ‘এই সরকারকে যদি গণতন্ত্র শেখাতে হয়, একমাত্র জনগণই সেটা পারবে। আমাদের সেই রাজনীতি করতে হবে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি আনন্দিত যে মান্না গুম হয়ে যাননি, গুলিতে নিহত হননি, জীবিত অবস্থাতেই আমাদের মাঝে ফিরে এসেছেন।’
সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘মান্নার বিরুদ্ধে যে অভিযোগ তাতে বড়জোর একটা জিডি হতে পারে। অথচ এই কারণে তাঁকে ২১ মাস জেলে কাটাতে হলো। আমরা যে সংকটের মধ্যে আছি, এটা তারই প্রতিফলন।’
মান্নার মুক্তির জন্য যাঁরা সোচ্চার ছিলেন তাঁদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আপনি যদি ন্যায়ের পথে, সত্যের পথে সংগ্রাম করেন, তার ফলাফল একদিন পাবেন।’ তিনি বলেন, কোনো সরকারকে উৎখাত করে অন্য কাউকে সরকারকে বসানোর রাজনীতি তিনি করেন না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বিকল্পধারার সাধারণ সম্পাদক এম এ মান্নান, অধ্যাপক সি আর আবরার, অধ্যাপক আসিফ নজরুল, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও বাসদের বজলুর রশীদ ফিরোজ প্রমুখ।