সরকার গণমাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে: ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার গণমাধ্যমের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে। গণমাধ্যমের ওপর নীরব সেন্সরশিপ চাপিয়ে দিচ্ছে।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ফখরুল এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের জন্য সরকারকে আলোচনায় বসার জন্য আবারও আহ্বান জানান। একই সঙ্গে হুঁশিয়ার করে বলেন, এবার আন্দোলনের উত্তাল তরঙ্গে সরকার ভেসে যাবে।
মির্জা ফখরুল বলেন, শুধু শহরকেন্দ্রিক আন্দোলন গড়ে তুললে হবে না। গ্রাম থেকে গ্রামান্তরে আন্দোলন ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়। সাধারণ মানুষের অধিকার রক্ষা করার জন্য এই আন্দোলন।