সরকার গুপ্তহত্যা বন্ধ করতে পারছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া l ফাইল ছবি
খালেদা জিয়া l ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, গুপ্তহত্যা ও অতর্কিতে কুপিয়ে হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। সরকার এসব হামলা ও হত্যার ঘটনা বন্ধ করতে পারছে না। এর দায় চাপানো হচ্ছে বিরোধী দলের ওপর। এতে তদন্ত প্রভাবিত হচ্ছে এবং প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২০-দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সম্মেলনে খালেদা জিয়া এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে দেশে প্রথম জঙ্গিবাদের বিস্তার ঘটেছিল। সে সময় রমনার বটমূলে, যশোরে উদীচীর অনুষ্ঠানে, পল্টনে সিপিবির জনসভাসহ বিভিন্ন স্থানে বোমা হামলার ঘটনায় অনেক মানুষ হতাহত হয়েছিল। তখনো প্রকৃত জঙ্গিদের আড়াল করে আওয়ামী লীগ দায় চাপিয়েছিল বিএনপি ও বিরোধী দলের ওপর।’
খালেদা জিয়া বলেন, ‘আমরা সরকারে আসার পর জঙ্গিবাদী তৎপরতাকে কঠোর হাতে দমন করেছিলাম। আজ আবার সেই জঙ্গিবাদের উত্থানের আলামত দেখে আমরা দেশবাসীর সঙ্গে গভীরভাবে উদ্বিগ্ন।’
সাম্প্রতিক সময়ে একাধিক হত্যার ঘটনার উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, আতঙ্কের ব্যাপার হচ্ছে, বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর নামে এসব হত্যার দায় স্বীকার করা হচ্ছে। সরকার আন্তর্জাতিক সন্ত্রাসীদের উপস্থিতির কথা অস্বীকার করছে। কিন্তু প্রকৃত অপরাধীদের শনাক্ত ও বিচার নিশ্চিত করতে পারছে না। তিনি বলেন, ‘নিয়মতান্ত্রিক রাজনীতি ও আইনের স্বাভাবিক প্রক্রিয়াকে রুদ্ধ করে দিয়ে তারাই জঙ্গিবাদের উত্থানের পথ করে দিচ্ছে বলে আমরা মনে করি।’
প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ ও হত্যা পরিকল্পনার’ মামলায় সাংবাদিক শফিক রেহমানকে জড়ানোর সমালোচনা করেন খালেদা জিয়া। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একটি আদালতে একটি মামলার রায় নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কী সেই মামলা?
বিএনপির নেত্রী বলেন, এফবিআইয়ের একজন এজেন্টকে ঘুষ দিয়ে এক প্রবাসী বাংলাদেশি তরুণ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর পুত্রের ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করেছিলেন। সেই মামলার নথিতেই আছে, প্রধানমন্ত্রীর পুত্রের একটি অ্যাকাউন্টে আড়াই হাজার কোটি টাকার সমপরিমাণ ৩০০ মিলিয়ন ডলার জমা আছে। তারা এই টাকার কথা ধামাচাপা দিতে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করছে। কারাবন্দী সম্পাদক মাহমুদুর রহমানকেও এই মামলায় জড়িয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।
শফিক রেহমান ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে দাবি করে খালেদা জিয়া বলেন, ‘তাঁরা নাকি প্রধানমন্ত্রীর পুত্রকে অপহরণ ও হত্যার পরিকল্পনা করেছিলেন। অথচ যুক্তরাষ্ট্রের আদালতের রায়েই এ ধরনের অভিযোগকে নাকচ করে দেওয়া হয়েছে। এভাবে মিথ্যা প্রচারণা, অত্যাচার, নানা ইস্যু সৃষ্টি করে তারা তাদের অপরাধগুলো ঢেকে রাখতে চায়।’