
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, অবৈধ ফ্যাসিস্ট সরকার দেশব্যাপী গ্রেপ্তারি অভিযানের মহোৎসবে মেতে উঠেছে।
আজ মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মাথায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।
বের হওয়ার পরই ফখরুল গ্রেপ্তারবিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘আমাকে আমার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ রেখে বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকার দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তারসহ দেশব্যাপী একই কায়দায় গ্রেপ্তারি অভিযানের মহোৎসবে মেতে উঠেছে। কেবল বিরোধী দলের নেতা-কর্মীই নয়, বরং সাধারণ মানুষও এখন পুলিশি আতঙ্কে দিনাতিপাত করছে। বর্তমান রাষ্ট্রীয়ক্ষমতায় অধিষ্ঠিতদের প্রতি জনগণের ন্যূনতম সমর্থন নেই বলেই তারা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এবং রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করে জনগণের ওপর নির্যাতন নিপীড়নের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমি দেশের জনগণকে ভোটারবিহীন অবৈধ সরকারের সকল অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।’
খালেদা জিয়া মির্জা ফখরুলসহ সব ‘রাজবন্দীর’ বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান বিবৃতিতে।
আজ বিকেলে সংবাদ সম্মেলন শেষে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পরই গ্রেপ্তার হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গ্রেপ্তারের পর বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়। আগামীকাল মির্জা ফখরুলকে আদালতে নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।