আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে আন্তরিক। এ জন্য আন্দোলনের প্রয়োজন নেই। আগামী সংসদ নির্বাচনের আগে চুক্তির সব ধারা বাস্তবায়ন করা হবে। পার্বত্য শান্তির কারণে পাহাড়ে শান্তি ফিরে এসেছে। গতকাল বুধবার সকালে রাঙামাটি পৌরসভা চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দীপংকর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, রাঙামাটির সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পাহাড়ে শান্তির নামে বারবার ধোঁকা দিয়ে প্রতারণা করা হয়েছিল। অন্য সরকারগুলোর আন্তরিকতা থাকলে অনেক আগে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সদিচ্ছা ছিল বলেই পার্বত্য চুক্তি হয়েছে। পার্বত্য চট্টগ্রামে এখনো অনেক সমস্যা রয়েছে। সেগুলো সমাধানের পথ খোঁজা হচ্ছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে পার্বত্য চট্টগ্রাম এসেছি। আমরা কথা দিয়েছি, চুক্তির বাস্তবায়ন করব। কোনো আন্দোলন করে অশান্তি সৃষ্টি করা ঠিক হবে না।’
সেতুমন্ত্রী বলেন, পাহাড়ে ভূমিবিরোধ বড় সমস্যা। সে জন্য সরকার ভূমি কমিশন আইন পাস করা করেছে। আইন সংশোধনের ফলে দীর্ঘদিনের ভূমি জটিলতার অবসান হয়েছে। কিন্তু একটি মহল বাধার সৃষ্টি করছে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে যোগাযোগ, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নয়ন হচ্ছে। শিগগিরই রাঙামাটির নানিয়ারচরে সেতু নির্মাণ, রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক এবং রাঙামাটি-রাজস্থলী-বান্দরবান সড়ক উন্নয়নের কাজ শুরু হবে। কর্ণফুলী কাগজকল যাতে ভালোভাবে চলতে পারে, সে উদ্যোগও নেওয়া হবে।
চিম্বুক পাহাড়ে কর্মিসভা: প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল দুপুরে বান্দরবান জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ের চূড়ায় জেলা আওয়ামী লীগের আয়োজিত কর্মিসভায় যোগ দেন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বান্দরবান বিভিন্ন জাতিগোষ্ঠীর মিলনমেলা। এখানে শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। এরপরও অবৈধ অস্ত্রের ছড়াছড়ি রয়েছে। যাঁরা বেকারত্বের কারণে অবৈধ পথে পা বাড়িয়েছেন, তাঁদের শান্তির পথে ফিরে আসার অহ্বান জানান তিনি। তাঁদের চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি।
কর্মিসভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা মারমা। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মংওয়ে প্রু চৌধুরী, আব্দুর রহিম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম বেবী প্রমুখ।
দুপুরে রাঙামাটি থেকে হেলিকপ্টারে করে মন্ত্রী বান্দরবান-চিম্বুক সড়কের ওয়াই জংশনে নামেন। সেখান থেকে চিম্বুক পাহাড়ের চূড়ায় গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন।