সরকার ছায়ার সঙ্গে শত্রু শত্রু খেলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি বলেছে, সরকার ছায়ার সঙ্গে শত্রু শত্রু খেলায় লিপ্ত রয়েছে। বিরোধী দলের নেতাদের অকারণে শত্রু ভাবছে।
নিম্ন আদালতে আত্মসমর্পণের পর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গতকাল মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আহূত জরুরি সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন এ কথা বলেন। তিনি মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির কারাবন্দী সব নেতার অবিলম্বে মুক্তির দাবি জানান।
আসাদুজ্জামান বলেন, ছয় মাস কারাভোগের পর মির্জা ফখরুল উচ্চ আদালত থেকে জামিন নিয়ে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে চিকিৎসা নেন। কিন্তু তাঁর ক্যারোটিড ধমনির ব্লকটির অবস্থা খুবই জটিল হওয়ায় অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। ২৪ নভেম্বর চিকিৎসার জন্য তাঁর সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। তিনি বলেন, ‘মির্জা ফখরুল আইন মান্যকারী নাগরিক হিসেবে উচ্চ আদালতের নির্দেশে জামিনের আবেদন করেন। আমরা আশা করেছিলাম, আদালত বিষয়টি মানবিকভাবে বিবেচনা করবেন। কিন্তু আদালত জামিনের আবেদন নাকচ করে অসুস্থ মানুষটিকে কারাগারে পাঠানোয় আমরা বিচলিত হয়ে পড়েছি।’
বিএনপির মুখপাত্র বলেন, বাংলাদেশের রাজনীতিতে একজন সজ্জন ও পরিশীলিত মানুষ হিসেবে মির্জা ফখরুলের একটা ভাবমূর্তি রয়েছে। এমন একজন মানুষ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে পড়েছেন। তাঁর মতো বিএনপির নেতা তরিকুল ইসলাম, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, রুহুল কবির রিজভী, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আবদুল মান্নানসহ আরও অনেকে মিথ্যা মামলায় জর্জরিত। অনেকে কারান্তরীণ রয়েছেন।