সরকার জানে সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন সরকার জানে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে তারা কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না। সে জন্য তারা সুষ্ঠু নির্বাচন করবে না। তাই তারা বিভিন্ন কৌশলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইনে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) আয়োজিত ২০১৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, আজকে বাংলাদেশে যে অবস্থা, তা শুধু অর্থনৈতিক নৈরাজ্য নয়, সামাজিক ও রাজনৈতিক নৈরাজ্য শুরু হয়েছে, যা দেশকে দ্রুত রসাতলে নিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সবার ঐক্য দরকার।
বিএনপির মহাসচিব বলেন, প্রস্তাবিত অবৈধ শাসনকে পাকাপোক্ত করার জন্য যা কিছু লুণ্ঠন করা দরকার, সেই ব্যবস্থা করা হচ্ছে। সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, খন্দকার মোস্তাহিদুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ। সভাপতিত্ব করেন ম্যাবের সভাপতি সৈয়দ আলমগীর।
দেশ চলছে যৌথ প্রযোজনায়: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেছেন, ‘ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় যেমন সিনেমা বানানো হচ্ছে, তেমনি দুই দেশের যৌথ প্রযোজনায় আজ বাংলাদেশ চলছে।’
জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ আয়োজিত এই সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গণতন্ত্রের জন্য ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব অপরিহার্য ও গুরুত্বপূর্ণ। তাই আমরা আশা করব, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত সে আচরণ করবে। তারা কোনো বিশেষ ব্যক্তি কিংবা দল নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করবে।’
গয়েশ্বর রায় বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা আলোচনায় বসতে জামায়াতে ইসলামীকে বাদ দিতে বলেন। তিনি বলেন, ‘সরকার কি গ্যারান্টি দিতে পারবে যে জামায়াত নিষিদ্ধ হলেই নির্বাচনে আর ভোট ডাকাতি হবে না, দেশে আইনের শাসন থাকবে, গুম-খুন হবে না, মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’
আয়োজক সংগঠনের সভাপতি ঢালি আমিনুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নেতা আবদুস সালাম আজাদ, জাতীয় পার্টির (জাফর) নেতা আহসান হাবিব প্রমুখ।