সরকার জিয়াকে খলনায়ক বানাতে চায় : ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস বিকৃত করে, ভুল ব্যাখ্যা দিয়ে সরকার জিয়াউর রহমানকে খলনায়কে পরিণত করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। জাতীয় জাদুঘর থেকে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরিয়ে ফেলার প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কাল শনিবার ঢাকা মহানগরের সব থানায় বিক্ষোভ মিছিল করবে বিএনপি।
মির্জা ফখরুল দাবি করেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেননি। ১৯৭৫ সালে আওয়ামী লীগের একটি অংশের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছিল। পরবর্তী সময়ে পুরস্কার হিসেবে তারাই সরকার গঠন করেছে। জিয়াউর রহমান ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বন্দিদশা থেকে মুক্ত হয়েছিলেন। সে সময় রাষ্ট্রপতি ছিলেন আবু সায়েম। তিনিই সামরিক আইন জারি করেছিলেন।
মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানকে খলনায়কে পরিণত করার চেষ্টা সফল হবে না। কারণ, সত্যকে দীর্ঘকাল চেপে রাখা যায় না। তিনি বলেন, জিয়াউর রহমানের পদক কেড়ে নিয়ে তাঁর নাম মুছে ফেলা যাবে না। যাঁরা জিয়াউর রহমানের কবর সরিয়ে নেওয়ার চিন্তা করছেন, তাঁরা আহাম্মকের স্বর্গে বাস করছেন। জিয়ার কবর সরালে এর জন্য অনেক মূল্য দিতে হবে।
জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরিয়ে নেওয়ার নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, সুপরিকল্পিত। আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চায়। নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এখন বসে থাকার সময় নয়। দেশ কারাগারে পরিণত হয়েছে। অন্ধকার গহ্বরে পড়ে গেছে। এ অবস্থায় সবাইকে রুখে দাঁড়াতে হবে। সংগঠিত হতে হবে। বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধ করে ‘অপশক্তিকে’ পরাজিত করতে হবে। আন্দোলনের মাধ্যমে সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলে জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানানো হবে।
সমাবেশে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ বক্তব্য দেন।