সরকার জিয়ার কবর সরানোর ষড়যন্ত্র করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সচেতনভাবে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের জনগণ এ ধরনের হঠকারী কাজ কখনোই মেনে নেবে না।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা বলেন।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, লুই আই কানের মূল নকশা আনার মূল উদ্দেশ্য জিয়াউর রহমানের কবর সরানো। সরকার অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে মুক্তিযুদ্ধের মূল নায়কদের, বিশেষ করে ‘স্বাধীনতার ঘোষক’ জিয়াউর রহমানের নাম বাংলাদেশের মাটি থেকে মুছে ফেলতে। কিন্তু তা কোনো দিন সম্ভব হবে না। কারণ, জিয়াউর রহমানের নাম দেশের সব মানুষের হৃদয়ে গেঁথে আছে। তাই পদক কেড়ে নিয়ে বা তাঁর কবর সরিয়ে দেওয়ার মতো হঠকারী কাজ দেশের জনগণ কখনো মেনে নেবে না।
সরকার জিয়াউর রহমানের কবর সরানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তাঁর দাবি, মুক্তিযুদ্ধের চেতনা এখন নির্বাসিত। দেশে মুক্তিযোদ্ধারাও এখন নির্যাতিত।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, বর্তমান কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে বলে বিএনপি মনে করে না। গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যোগ্যতা এই কমিশনের নেই। তারপরও গণতন্ত্রের স্বার্থে এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য বিএনপি এই নির্বাচনে যাচ্ছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, বর্তমান সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দীর্ঘদিন ধরে নীলনকশা বাস্তবায়ন করে চলেছে এবং সেই উদ্দেশ্য থেকেই বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করা হচ্ছে। তিনি বলেন, এক-এগারোতে যেমন বিরাজনীতিকরণের ষড়যন্ত্র ছিল, সেটাকে এ সরকার ধারণ করে বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু করেছে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানোর চেষ্টা করছে। দেশের মানুষ তাদের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দেবে।