সরকার জয়কে ২ লাখ ডলার করে দেয় কি না ব্যাখ্যা চাইলেন ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শুধু হজ নিয়ে কথা বলায় লতিফ সিদ্দিকীকে চাকরি হারাতে হয়েছে, না জয়ের বিরুদ্ধে কথা বলার জন্য চাকরি গেছে? লতিফ সিদ্দিকী বলেছিলেন, জয়কে সরকার থেকে প্রতি মাসে দুই লাখ ডলার দেওয়া হয়। এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের কোনো ব্যাখ্যা নেই। এটি সত্য কি না, জনগণ তা জানতে চায়।’
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘শহীদ জিয়া ও গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এটা ডাহা মিথ্যা কথা। মিথ্যাচারের একটা সীমা থাকে। সে সীমাও বিএনপি লঙ্ঘন করছে। যেহেতু তারা এমন মিথ্যাচার করেছে, সেহেতু এটা প্রমাণের দায়িত্ব তাদের। প্রমাণ করতে না পারলে, জাতির কাছে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’
ওই আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, আজ আওয়ামী লীগের নেতারা এমন সব কথা বলছেন, তাতে থলের বিড়াল বেরিয়ে যাচ্ছে, মুখোশ খসে পড়ছে। তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সাম্প্রতিক বক্তব্যের জন্য তাঁকে ধন্যবাদ জানান।
জিয়াউর রহমানের নাম মুক্তিযোদ্ধার মধ্যে রাখা যাবে না—প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এমন বক্তব্য দিয়েছেন দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘কী বলব বলেন, তাঁর বয়স অনেক কম। ব্যক্তিগতভাবে আমি তাঁকে নিয়ে কিছু বলতে চাই না। তবে তাঁদের (আওয়ামী লীগ) নেতাদের ভাষায় বলতে চাই, অর্বাচীন বালকের মতো কথা বলা বন্ধ করুন। জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করলে, তাঁকে অস্বীকার করলে ইতিহাসকে, নিজের শিকড়কেই অস্বীকার করবেন।’
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে ‘অর্বাচীন’ বলে প্রতিক্রিয়া দেখিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
মির্জা ফখরুল বলেন, ‘নতুন প্রজন্মের নতুন নেতা জয় সাহেব। জন্ম মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর নিরাপত্তায়। তারপর বেশির ভাগ সময় ভারতে অবস্থান। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে। দেশের প্রতি তাঁর কতটুকু স্টেক আছে তা তিনি, তাঁর সঙ্গে যাঁরা কাজ করেন, তাঁরাই ভালো বলতে পারবেন।’
জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন মহলের কটূক্তির সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ‘আমি নাম ধরেই বলি, এই শাহরিয়ার কবির, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু সেদিন জিয়াউর রহমানের সঙ্গে মিটিং করে বেড়াননি? জিয়ার পক্ষে কাজ করেননি? কমরেড মণি সিংহ, অধ্যাপক মোজাফ্ফর সাহেব জিয়াকে সমর্থন দেননি? পার্লামেন্টের প্রসিডিংসগুলো দেখুন। তখনকার সংবাদপত্রগুলো উল্টে দেখুন, এসব নেতা কী বলেছিলেন।’
‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এ আলোচনায় সভাপতিত্ব করেন সাংবাদিক রুহুল আমিন গাজী। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।