সরকার ঢালাও আদেশ দিলেই পারে: মাহবুব
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকার যদি মনে করে বিরোধী দলের নেতা-কর্মীদের কারাগারে রাখবে, তাহলে ঢালাও আদেশ দিলেই পারে। তখন দেশের সব বিরোধী নেতা-কর্মী কারাগারে গিয়ে হাজির হবেন।
গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের খন্দকার মাহবুব এ কথা বলেন। তিনি বলেন, আদালতকে ব্যবহার করে সরকার ও পুলিশ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। আদালতে জামিন হওয়ার পরও নতুন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হচ্ছে। যেভাবে অবিচার ও জুলুম-নির্যাতন চালানো হচ্ছে, তা চলতে পারে না।
গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র এম এ মান্নানের প্রসঙ্গ তুলে খন্দকার মাহবুব হোসেন বলেন, গত জানুয়ারি মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তাঁকে জামিন দেওয়ার পর এ পর্যন্ত ১৬টি মামলায় তাঁকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে জামিন পাওয়ার পর তিনি মুক্তি পাবেন বলে আশা করেছিলেন। কিন্তু মুক্তি পাওয়ার ঠিক আগ মুহূর্তে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তাঁকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সরকার যদি মনে করে তাঁকে মুক্তি না দিয়ে কারাগারে রাখবে, তাহলে আগেই ঢালাওভাবে আদেশ দিয়ে দিতে পারে। এতে আসামিও মানসিকভাবে স্থির থাকতে পারেন যে তিনি কারাগারে জীবনযাপন করবেন।