
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতি আর লুটপাটে দেশের অর্থনীতির বারোটা বাজিয়েও ক্ষান্ত হয়নি। তারা বন্যার্ত মানুষের ত্রাণের টাকাও লুটপাটে ব্যস্ত রয়েছে। দফায় দফায় বন্যায় দেশের মানুষ খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু বন্যার্তদের জন্য আওয়ামী লীগ তেমন কিছু করতে না পারলেও বড় বড় বুলি ছুড়ে জাতির দৃষ্টি আকর্ষণ করার হীন ষড়যন্ত্র করছে।
গতকাল রোববার বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটির উদ্যোগে দেশব্যাপী ত্রাণ তৎপরতার অংশ হিসেবে সিলেটের দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যাকবলিত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে মির্জা আব্বাস প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপিকে দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রিয় রাজনৈতিক দল অভিহিত করে মির্জা আব্বাস আরও বলেন, জাতির যেকোনো দুর্যোগে প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও করবে ইনশা আল্লাহ।
দক্ষিণ সুরমা উপজেলার হাজিগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায় ত্রাণ বিতরণপূর্ব সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন ও কলিম উদ্দিন আহমদ, সাবেক সাংসদ শাম্মী আক্তার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট-৩ আসনের সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বক্তব্য দেন।
ত্রাণ বিতরণে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।