বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ অভিযোগ করেছেন, সরকার ছাত্রলীগ-যুবলীগসহ দলীয় ক্যাডারদের হাতে সাড়ে সাত হাজার আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছে বিরোধী দলকে ঘায়েল করার জন্য। এসব অস্ত্র দিয়ে এরই মধ্যে প্রশিক্ষণ শুরু হয়েছে। এ অস্ত্র উদ্ধার না হলে দেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।
গতকাল শুক্রবার বিকেলে নোয়াখালী পৌর হলে ২০-দলীয় জোটের প্রতিনিধিসভায় প্রধান অতিথির বক্তৃতায় হান্নান শাহ এ অভিযোগ করেন।
হান্নান শাহ বলেন, সরকারের পুলিশ বাহিনীও বলছে বিএনপির নেতা-কর্মীদের পাওয়ামাত্র গুলি করা হবে। কিন্তু বিএনপি বা ২০-দলীয় জোটের কর্মীরা অস্ত্রকে ভয় পায় না।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা শাখার সভাপতি মো. শাহজাহান। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আবদুর রব ও জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারি নিজাম উদ্দিন, খেলাফত আন্দোলনের জেলা সহসভাপতি তোফাজ্জল হোসেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান, জেলা জাসাসের সভাপতি লিয়াকত আলী খান প্রমুখ।
হান্নান শাহ তাঁর বক্তৃতায় আরও বলেন, মাঝেমধ্যে শোনা যায় আওয়ামী লীগ নাকি ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। ২০৪১ সাল নয়, ২০১৪ সালেই আওয়ামী লীগের পতন করা হবে। এ সরকারকে ঢাকা থেকে পতন করার দরকার নেই, জেলা থেকেই আন্দোলন করে পতন সম্ভব। তিনি বলেন, আন্দোলনের ডাক নোয়াখালীর নেতাদের থেকেই শুরু হবে। কারণ, পুরো নোয়াখালীই বিএনপির ঘাঁটি।
হান্নান শাহ বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে এ দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়নি। তারা ভোট ডাকাতির মাধ্যমে অবৈধভাবে সরকার গঠন করেছে। বিরোধী দল শান্তিপূর্ণ আন্দোলন করতে গেলেও সরকার পুলিশ বাহিনী ও দলীয় ক্যাডার বাহিনীর মাধ্যমে নির্যাতন-নিপীড়ন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
হান্নান শাহ আরও বলেন, আন্দোলনকে ভয় করার কারণে সরকার ২০-দলীয় জোটের বিশিষ্ট নেতা-কর্মীদের হত্যা করছে, লাশ গুম করছে। যতই খুন-গুম করা হোক না কেন বিএনপি এ বছরের মধ্যেই কঠোর আন্দোলনের ডাক দেবে। সে সঙ্গে সরকারেরও পতন ঘটানো হবে।