সরকার দাম্ভিকতায় ভুগছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ক্ষমতার দাম্ভিকতায় ভুগছে। তারা সহিষ্ণুতার রাজনীতি করে না, কারও সমালোচনা সহ্য করতে পারে না। কারও কথাও আমলে নেয় না।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘আমার দেশ বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের তিন বছর’ শীর্ষক প্রতিবাদী আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। ‘আমার দেশ পরিবার’ এ সভার আয়োজন করে।
মির্জা ফখরুল চলমান সংকটের সমাধানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানের প্রতি সরকারের কর্ণপাত না করার কথা উল্লেখ করে আবারও সংলাপের আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের আমলে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ৫০০ নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। কয়েক হাজার মামলায় প্রায় সাড়ে চার লাখ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। তারপরও বিএনপি হতাশ নয়। একদিন এই অপশাসন ও দুঃশাসনের অবসান হবে। তিনি বলেন, ‘এ দেশের মানুষ পাকিস্তানিদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। আমরাও এ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করব।’
ফখরুল বলেন, ’৭২ সালে চারটি পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দিয়ে বাকশাল কায়েম করেছিল। এখন আবার আওয়ামী লীগ সরকার একে একে বেসরকারি টেলিভিশন ও পত্রিকা বন্ধ করে দিচ্ছে। তিনি বলেন, সত্য কথা বলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে দীর্ঘদিন কারাগারে আটকে রাখা হয়েছে।
সভায় বিএনপিতে গণতান্ত্রিক চর্চা নেই—এমন অভিযোগ তুলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজনের ইচ্ছায় মহাসচিব নির্বাচিত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপি নেতা জেড এম জাহিদ হোসেন, আ ন ম আখতার হোসাইন, শিক্ষকনেতা সেলিম ভূঁইয়া, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এম আবদুল্লাহ, সৈয়দ আবদাল আহমেদ, কবি আবদুল হাই শিকদার প্রমুখ।