মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলাকে মুক্তচিন্তার সংকট বললেন ফখরুল
বর্তমান সরকার দেশে ‘মামলা প্রকল্প’ ও ‘নির্বাচন প্রকল্প’ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সভায় তিনি এই মন্তব্য করেন।
ফখরুল বলেন, এখানে কথা বলা যায় না, পত্রিকায় লেখা যায় না। সরকারের বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহের মামলা হয়।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এরসম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে মামলাকে মুক্তচিন্তার সংকট হিসেবে আখ্যায়িত করে ফখরুল বলেন, ‘পত্রপত্রিকায় লিখছে বিএনপির সংকট। এই সংকট বিএনপির শুধু নয়, প্রমাণিত হয়েছে আজ যখন মাহ্ফুজ আনামের বিরুদ্ধে ৩৭টি মামলা হয়, তখন বিএনপির সংকট নয়, এই সংকট মুক্তচিন্তার সংকট।’
মির্জা ফখরুল বলেন, ‘গত কয়েক বছরে বিএনপির চার লাখের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার এজাহারে নাম থাকে না, কিন্তু পরে চলে আসে। এটা হচ্ছে মামলা প্রকল্প। কী করে কত ধরনের মামলা কীভাবে দেওয়া যায় এবং কী করে কাকে কোন মামলায় জড়ানো যায়, তার সব নিদর্শন খুঁজে পাবেন আপনারা।’
ফখরুল বলেন, ‘আরেকটা শুরু হয়েছে নির্বাচন প্রকল্প। এক একটা নির্বাচন করবে, সবকিছু তারা দখল করে নিয়ে যাবে। আর জাতির কাছে বলবে, দেখ আওয়ামী লীগ কত জনপ্রিয়। দলীয় প্রতীক দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করেছে। বলবে, ধানের শীষ হেরে গেল, নৌকা জিতে গেল। এভাবে জোড়াতালি দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে অল্প দিন টিকে থাকা যায়, বেশি দিন নয়।’
গাজীপুরের মেয়র এম এ মান্নানের মুক্তির দাবিতে ‘এম এ মান্নান মুক্তি পরিষদ’ এই সভার আয়োজন করে।