সরকার নতিস্বীকার করতে শুরু করেছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত বৃহস্পতিবারের বক্তব্যে মধ্যবর্তী নির্বাচনের ইঙ্গিত খুঁজে পাচ্ছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী প্রকারান্তরে বিএনপির দাবি স্বীকার করে নিয়েছেন। সরকার জনগণের দাবির কাছে নতিস্বীকার করতে শুরু করেছে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবসের’ কর্মসূচি নিয়ে যৌথ সভার সিদ্ধান্ত এবং গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সময়মতো নির্বাচন হবে। একটি গণতান্ত্রিক সরকার যেকোনো সময় নির্বাচন দিতে পারে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বুঝতে শুরু করেছেন যে জনগণ একটি আগাম নির্বাচন চায়। মানুষ একটি প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায়। সরকার দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।
এক প্রশ্নের জবাবে বিএনপির মুখপাত্র বলেন, ‘রাজনীতিবিদদের ভাষা আমরা কম বুঝি না। খুব ভালোভাবেই বুঝি। ভালোভাবেই বুঝতে পারি ওনি (প্রধানমন্ত্রী) কী বোঝাতে চেয়েছেন।’ তিনি বলেন, নির্বাচন ও আন্দোলন দুটিরই প্রস্তুতি বিএনপির আছে।
প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর সম্পূর্ণ ব্যর্থ দাবি করে মির্জা ফখরুল বলেন, সংবাদ সম্মেলনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যেও কোনো সফলতার প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। নারী গৃহকর্মী নেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু তা নতুন নয়। অনেক আগে থেকেই এটি ছিল।
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের মৃত্যুতে শোক না জানানোয় তাঁর ছেলে আবদুল্লাহিল আমান আযমীর বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আযমী গোলাম আযমের ছেলে। তিনি জামায়াতের সদস্য কি না, তা তাঁদের জানা নেই। জামায়াত বিএনপির আন্দোলনের শরিক। এখন পর্যন্ত জামায়াত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। আযমীর বক্তব্য একান্তই তাঁর ব্যক্তিগত। বিএনপি এটিকে আমলে নিচ্ছে না। এ নিয়ে মন্তব্য করতেও বিএনপি প্রস্তুত নয়।
কর্মসূচি: ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন করবে বিএনপি। এ উপলক্ষে ওই দিন সকালে পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। এ ছাড়া ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। গতকাল সকালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর যৌথসভা শেষে মির্জা ফখরুল এসব কর্মসূচি ঘোষণা করেন।